সংগীতশিল্পী ফরিদা পারভীন দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে মারা গেছেন। আজ রোববার দুপুর ১২ টার দিকে গুণী এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষ প্রয়াত এই সংগীতশিল্পীর প্রতি শ্রদ্ধা জানাবেন।
ফরিদা পারভীনের ছেলে ইমাম নাহিল সুমন গণমাধ্যমকে জানান, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ফরিদা পারভীনে মরদেহ রাখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। সেখানে বাদ যোহর হবে জানাজা। এরপর কুষ্টিয়ায় পৌর কবরস্থানে মা-বাবার কবরের পাশে তার দাফন সম্পন্ন হবে। ইমাম বলেন, ‘মাকে কুষ্টিয়ায় দাফন করব, তার ইচ্ছা অনুযায়ী।’
উল্লেখ্য, ফরিদা পারভীন বেশ কিছুদিন ধরে কিডনি সমস্যা, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ২০২৫ সালেই অসুস্থতার কারণে তাকে তিন দফা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সবশেষ গত ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ফরিদা পারভীনকে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে নেওয়ার পরই নিয়ে যাওয়া হয় আইসিইউতে। পরে লাইফ সাপোর্টে নেওয়া হলেও সেখান থেকে তাকে আর ফেরানো যায়নি। গতকাল রাতে না ফেরার দেশে পাড়ি জমান সংগীতের এই কিংবদন্তি।
/এমএস