আবারও নতুন করে তুমুল আলোচনায় বলিউড। সম্প্রতি মাদক পাচার তদন্তে কয়েকজন বলিউড তারকার নাম উঠে এসেছে, আর এ নিয়েই দেশটিতে তোলপাড় লেগে গেছে। যদিও ভারতের আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে এর আগেও একাধিকবার রুপালি পর্দার তারকাদের যোগসূত্রের বিষয়টি সংবাদের শিরোনাম হয়েছে।
সাম্প্রতিক তদন্তে উঠে আসা নামগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। এ নিয়ে বেশ সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। তবে এবার অভিযুক্ত অন্য তারকাদের মতো আর চুপ থাকেননি নোরা। তদন্তে তার নাম থাকার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।
ইনস্টাগ্রাম স্টোরিতে নোরা ফাতেহি লিখেছেন, ‘আমি পার্টিতে যাই না। আমি বিরতিহীন কাজ করি। আমার কোনো ব্যক্তিগত জীবন নেই। পার্টি করতে ভালোবাসেন- এমন লোকদের সঙ্গে নিজেকে যুক্ত করি না। যদি ছুটি নিই, তাহলে দুবাইয়ের নিজের বাড়িতে বা ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি।’
তিনি আরও লিখেছেন, ‘আমার মনে হয়, আমার নামটাই সবার কাছে সহজ লক্ষ্য। কিন্তু আর এটা হতে দেব না। অনেকে আমার বদনাম ছড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। এর আগেও তারা মিথ্যা খবর ছড়িয়েছে কিন্তু তা কোনো কাজে আসেনি। এর আগে বিষয়গুলো নিয়ে আমি চুপ করে ছিলাম। কিন্তু এখন আর চুপ থাকবো না।’
এমনকি দাউদ ইব্রাহিমের মাদক পার্টির সঙ্গে তার নাম জড়িত থাকার অভিযোগ পুরোপুরি অস্বীকার করে এই অভিনেত্রীর দাবি, একটি গোষ্ঠি তার বদনাম ছড়ানোর জন্য মিথ্যা খবর ছড়াচ্ছে। কিন্তু তাদের সেই চেষ্টা প্রতিহত করা হবে বলেও হুশিয়ারি দেন নোরা।
/এমএস