এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। স্টেজ শোতে নিয়মিত পারফর্ম করার পাশাপাশি মৌলিক গানও প্রকাশ করছেন নিয়মিত। তবে এবার বেশ কিছুদিন বিরতির পর নতুন মৌলিক গান প্রকাশ করলেন এই গায়িকা। গানের শিরোনাম ‘চুরি ছাম ছাম’। গত ১৬ নভেম্বর লুইপার নিজের ইউটিউব চ্যানেল ‘লুইপা’তে গান এবং ভিডিও প্রকাশ হয়েছে। গানটি লিখেছেন সিফাত আব্দুল্লাহ আবির। সুর ও সংগীত করেছেন তানভীর।
আর এই গানের মডেল হয়েছেন এই সময়ের ছোটপর্দার আলোচিত মডেল অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন রাকিব আহমেদ। মিউজিক ভিডিওতে চমকের গ্ল্যামারাস উপস্থিতি মুগ্ধ করছে সবাইকে। গানটি প্রকাশের পর থেকেই লুইপা দারুণ সাড়া পাচ্ছেন বলেও জানান।
গানটি সম্পর্কে লুইপা বলেন, ‘গানটি প্রকাশের পরমুহূর্ত থেকেই আমি যেভাবে সাড়া পাচ্ছি তাতে সত্যিই আমি অভিভূত, মুগ্ধ। এটা একদমই ট্রেন্ডিং ভাইভের একটা গান। মেয়েদের সাজ নিয়ে, প্রেম নিয়ে একটা গান। আমার প্রত্যাশা যে বিশেষত ওয়েডিং সিজনে গানটি সবাইকে মুগ্ধ করবে বেশি। আর যারা নিয়মিত ড্যান্স করতে চান, তাদের জন্যও এই গান পারফেক্ট । গানে মডেল হিসেবে চমক আছেন। তার উপস্থিতি গানের প্রতি শ্রোতা-দর্শকের আগ্রহ ও মুগ্ধতা বাড়িয়ে দিয়েছে। আমি খুব আশাবাদী গানটি নিয়ে।’
তিনি আরও বলেন, “নতুন মৌলিক গান প্রকাশে বেশ সময় চলে যাচ্ছিল। তাই নতুন মৌলিক গান প্রকাশও যেন জরুরি হয়ে পড়েছিল। সেই ভাবনা থেকে ভক্ত-শ্রোতাদের জন্য লুইপা নিয়ে এলেন ‘চুড়ি ছাম ছাম’ গানটি।”
মডেল অভিনেত্রী চমক বলেন, ‘গানটি আমার ভীষণ ভালো লেগেছে বলেই কাজটি করেছি। গানের মতোই ভিডিও সুন্দর হয়েছে। এটি প্রকাশের পর থেকেই দর্শকদের কাছে ভালো সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস, গানটি অনেক দূর যাবে।’
অভিনয়ের পাশাপাশি বিভিন্ন মিউজিক ভিডিওতে নিয়মিত কাজ করেন চমক। বর্তমানে বিভিন্ন বিষয়ের ওপর কনটেন্ট নির্মাণ করে আরও বেশি আলোচিত হয়েছেন এই মডেল অভিনেত্রী।
এদিকে এর আগেও লুইপার কণ্ঠে ‘জেন্টলম্যান’ ও ‘রঙ্গিলা হাওয়া’ মৌলিক গান দুটি শ্রোতা-দর্শককে মুগ্ধ করেছে।
/এমএস