আজ সোমবার তুরস্কের পশ্চিমাঞ্চলীয় শহর ইজমিরের একটি থানায় বন্দুক হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছেন।
এর আগে ইজমিরে বেশ কয়েকবার সন্ত্রাসী হামলা হয়েছে, যার মধ্যে ২০১৭ সালের একটি গাড়ি বোমা হামলায় দু’জন নিহত হয়েছিলেন। তবে সোমবার বালকোভা জেলার এই হামলার উদ্দেশ্য সম্পর্কে কর্মকর্তারা এখনো কিছু জানাননি। এই ঘটনায় আরও দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায় এক্সে এক পোস্টে গ্রেপ্তার কিশোরের পরিচয় প্রকাশ করেন নি। তিনি জানান, আহত দুই কর্মকর্তার মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং অন্যজন সামান্য আহত হয়েছেন।
তুর্কি সম্প্রচার মাধ্যমগুলো সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে একজন হামলাকারী কালো মুখোশ পরে রাস্তার ওপার থেকে রাইফেল দিয়ে থানায় গুলি চালাচ্ছে।
পরে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টিআরটি-তে প্রচারিত ফুটেজে দেখা যায়, হামলাকারী একটি রাস্তায় গুলি করতে করতে এগিয়ে যাচ্ছে এবং এরপর পায়ে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ছে। পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে সে বারবার ‘‘আল্লাহু আকবর’’ বলে চিৎকার করছিল।
কেউ কেউ এই হামলার সঙ্গে আইএস সংশ্লিষ্টতা রয়েছে বলে স্থানীয় স্যোশাল মিডিয়ায় লেখালেখি করছেন।
তুরস্কে অতীতে কুর্দি জঙ্গি, ইসলামপন্থী গোষ্ঠী এবং দূর-বামপন্থী সংগঠনগুলো বিভিন্ন হামলা চালিয়েছে, যেখানে প্রায়শই নিরাপত্তা বাহিনী এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো লক্ষ্যবস্তু হয়েছে। সূত্র: রয়টার্স
মাহফুজ/