বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। যেকোনো একটি ছোটখাটো বিষয় নিয়ে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দেশে একটা ষড়যন্ত্র ও অসন্তোষ পরিবেশ তৈরি করার চেষ্টা করবে। এ ব্যাপারে আপনারা সবাই সতর্ক থাকবেন।’
শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে আওয়ামী লীগ আয়োজিত উপজেলা পরিষদ মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এমন কেউ ষড়যন্ত্র করলে তাকে আইনের আওতায় আনার জন্য পদক্ষেপ নেবেন। আমরা যদি সতর্ক, সজাগ থাকি-বাংলাদেশ সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে।
কসবা ও আখাউড়ায় কোনো উন্নয়ন বন্ধ থাকবে না বলেও মন্ত্রী আশ্বাস দেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ড. শাহজাহান আলম সাজু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাইসার ভূঁইয়া জীবন, ভাইস চেয়ারম্যান মোরাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাছরীন শফিক আলেয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা মনির হোসেন বাবুল, সেলিম ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি ড. আব্দুল্লাহ ভূঁইয়া বাদল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখায়াত হোসেন নয়নসহ অনেকে।
সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় তাকে দুটি মানপত্রসহ উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।
জুটন বনিক/জোবাইদা/অমিয়/