রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটকসহ সব বন্দিদের মুক্তি দেওয়া হবে। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হবে।
সোমবার ( ৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি জানান, জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং সব দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব সাধারণ নির্বাচন করবে। এ ছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতিবিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে।
রাষ্ট্রপতি বলেন, দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে এবং লুটতরাজ, ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিচ্ছি।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে সোমবার বঙ্গভবনে তিন বাহিনীর প্রধান এবং বিভিন্ন দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কের সঙ্গে আলোচনা হয়েছে। শুরুতেই সেনাপ্রধান বিরাজমান সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সম্পর্কে আমাকে অবহিত করেন। রাজনৈতিক নেতারাও এ সময় তাদের বক্তব্য তুলে ধরেন।
রাষ্ট্রপতি বলেন, সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এ ছাড়া জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সব দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব সাধারণ নির্বাচন করবে। সভায় সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
রাষ্ট্রপতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুটতরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিচ্ছি। এ ছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, দেশের অর্থনীতি, প্রশাসন ও শিল্প-কলকারখানা চালু রাখার লক্ষ্যে সবাইকে কার্যকর ভূমিকা রাখতে হবে। ছাত্র নেতারা ও শিক্ষকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে অতি শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে। এ ছাড়া যারা হত্যা ও সহিংসতার সঙ্গে জড়িত, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে।
রাষ্ট্রপতি জানান, দেশের সব অফিস-আদালত মঙ্গলবার (আজ) থেকেই স্বাভাবিকভাবে চলবে।
দেশকে বাঁচাতে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি পারস্পরিক হিংসা-বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।