বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে সিলেটে বিএনপি ও সহযোগী সংগঠনের মিছিলে হামলা চালানোর অভিযোগে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ ৬৪ জনের নামে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) জেলার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন নগরের সেনপাড়া এলাকার বাসিন্দা জুবেল আহমদ স্বপন। তিনি ওই হামলায় আহত হন বলে এজাহারে উল্লেখ করেছেন।
আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদীপক্ষের আইনজীবী বেলাল আহমদ।
মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও সিলেট সিটি করপোরেশনের সদ্য অপসারিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সদ্য প্রত্যাহার করা সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. জাকির হোসেন খান, এসএমপির ডিবিপ্রধান উপ-কমিশনার তাহিয়াত আহমদ চৌধুরী, সিআরটি প্রধান শাহরিয়ার আল মামুন, উপ-কমিশনার আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ-কমিশনার সাদেক কাওছার দস্তগীর, এসআই পলাশ চন্দ্র দাস, এসআই মিল্টন রায় চৌধুরী, এসআই কল্লোল গোস্বামী, সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, জাহাঙ্গীর আলম, এসএম শওকত আমিন তৌহিদ ও রুহেল আহমদ, সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার ও হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি ও আওয়ামী লীগ নেতা রজতকান্তি গুপ্ত, সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু, সিটি করপোরেশনের মেয়রের পিএস ও যুবলীগ নেতা সাজলু লস্কর, শামিম ইকবালসহ ৬৪ জনের নামোল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ছাত্র-জনতার আন্দোলনের সমর্থনে গত ৪ আগস্ট বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠন নগরীতে মিছিল বের করে। মিছিলটি সোবাহানীঘাট এলাকায় এলে অভিযুক্তদের নির্দেশে হামলায় গুলি ও টিয়ারশেল নিক্ষেপে তিনিসহ অনেকে আহত হন।
সালমান/