যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৮২ বাংলাদেশি। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে তাদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ‘ইকে-৫৮৪’ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
শুক্রবার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তারা দেশে ফেরেন। তাদের মধ্যে ৭৬ জনকে সরকারি খরচে এবং ছয়জনকে আইওএমের অর্থায়নে ফেরত পাঠানো হয়েছে। ৭৬ জন বৈরুতে বাংলাদেশ দূতাবাসে এবং বাকি ছয়জন আইওএমে নিবন্ধন করেছিলেন।
বৃহস্পতিবার পর্যন্ত ১১টি ফ্লাইটে লেবানন থেকে ফিরেছেন ৬৯৭ বাংলাদেশি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফিরে আসা বাংলাদেশিদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান যুদ্ধের ভয়াবহতা নিয়ে তাদের সঙ্গে কথা বলেন ও খোঁজখবর নেন। এ পর্যন্ত একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে। লেবাননে চলমান সাম্প্রতিক যুদ্ধের মধ্যে যেসব প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসতে চান, তাদের সবাইকে সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে।
সালমান/