ঢাকা ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ০৭ জুন ২০২৬

সর্বশেষ
শেরপুরে প্রাইভেটকারে মদ, কারবারি আটক টেকনাফে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষ, দুই এসআইসহ আহত ৪ নবাব সলিমুল্লাহর জন্মবার্ষিকী উদযাপন মজুরি বাড়াতে দৌলতপুরে বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু রোগীর বেশে ইয়াবা পাচারের চেষ্টা, রামুতে তিন নারী আটক ৬ নবজাতকের প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা তোফায়েল আহমেদসহ ১৬ এমপির মৃত্যুতে শোকপ্রস্তাব কিছু মানুষের কারণে কেন অপমানিত হবে ১৮ কোটি বাংলাদেশি? ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়ার রিটে যা নির্দেশ দিল হাইকোর্ট মনোযোগ বাড়াতে চাইলে কী খেতে হবে রাঙামাটিতে ইন্টার্ন চিকিৎসকদের ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পটুয়াখালীর পৌর পার্ক এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু এবি ব্যাংকের এআই-চালিত ডিজিটাল লোনসেবা ‘এবি ই- লোন’ এর উদ্বোধন বানারীপাড়া পৌরসভার সাবেক মেয়র মঞ্জু মোল্লা গ্রেপ্তার কুড়িগ্রামে নদীগর্ভে বিলীন শতাধিক বাড়ি সবার সক্রিয় ভূমিকায় রামিসা হত্যার বিচার দ্রুত হয়েছে: অ্যাটর্নি জেনারেল ব্রাহ্মণবাড়িয়ায় দোকান উচ্ছেদ নিয়ে সংঘর্ষ, আহত ২০ জীবের আবাসস্থল অধ্যায় থেকে ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান সিলেট সীমান্তে পুশ-ইন ঠেকাতে কড়া সতর্কতা, সন্দেহভাজনদের তথ্য চাইল বিজিবি মায়ের মরদেহ দেখতে যাওয়ার পথেই মেয়ে নিহত চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল জব্দ শূন্যরেখায় মানবেতর জীবন বদরগঞ্জে নিখোঁজের ৩ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার শার্শায় বিএনপির নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মবিরতিতে সিলেটের ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎকরা মেয়েকে অশালীন কথা বলার প্রতিবাদ করায় প্রাণ গেল বাবার ইসলামে মায়ের গুরুত্ব ও মর্যাদা সমুদ্রের তলদেশে বিচিত্র এক সুতোয় বাঁধা ইন্টারনেট নেটওয়ার্ক
Nagad desktop

বেড়েছে বৈষম্য, বিস্তার ঘটেছে সাম্প্রদায়িকতার: সংখ্যালঘু ঐক্যমোর্চা

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৮ পিএম
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:০৭ পিএম
বেড়েছে বৈষম্য, বিস্তার ঘটেছে সাম্প্রদায়িকতার: সংখ্যালঘু ঐক্যমোর্চা
শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনাসভায় মতামত দেন সংখ্যালঘু ঐক্যমোর্চার বক্তারা। ছবি:খবরের কাগজ

স্বাধীনতার ৫৩ বছর অতিক্রান্ত হলেও ক্ষমতায় থাকা কোনো রাজনৈতিক দলই দেশে প্রকৃত গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও বৈষম্যবিলোপ নিশ্চিত করতে পারেনি বলে অভিমত প্রকাশ করেছে সংখ্যালঘু ঐক্যমোর্চা।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার: আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এই মতামত দেন শিক্ষক ও অধিকারকর্মীরা।

তারা বলেন, ‘বাস্তবে সামাজিক বৈষম্য যেমন বেড়েছে তেমনি বিস্তার ঘটেছে সাম্প্রদায়িকতার।’

অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংখ্যালঘু ঐক্যমোর্চার যুগ্ম সমন্বয়ক মনীন্দ্র কুমার নাথ।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পরে দেশের নানা এলাকায় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর সহিংসতার একটি পরিসংখ্যান তুলে ধরেন তিনি।

তিনি বলেন, ‘৪ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত দেশে ২০১০টি সহিংসতার ঘটনা ঘটেছে। ২০ আগস্টের পরেও এ ধরণের সহিংসতা বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে হলেও আজও তা অব্যাহত আছে। দুঃখজনকভাবে অন্তর্বর্তীকালীন সরকার এবং কিছু রাজনৈতিক দল এ ঘটনাগুলোকে রাজনৈতিক সহিংসতার প্রলেপ লাগিয়ে পাশ কাটিয়ে যেতে চাইছে। নিপীড়নের ঘটনাকে লঘু করে দেখা বা যথারীতি অতীতের ন্যায় বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাওয়া প্রবণতা লক্ষ্য করা যায়।’

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংস ঘটনাগুলোর প্রতিবাদ করতে গেলে কোনো কোনো পক্ষ নানা ধরনের ট্যাগ লাগিয়ে ষড়যন্ত্রের গন্ধ খুঁজে বেড়াচ্ছে বলেও উল্লেখ করেন মনীন্দ্র নাথ।

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও শ্রীপুণ্ডরীক ধামর অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের মামলার প্রসঙ্গও আসে লিখিত বক্তব্যে।

মনীন্দ্র কুমার নাথ বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাসকে সংবিধান স্বীকৃত আইনের আশ্রয়লাভের অধিকার থেকে বঞ্চিত করে তার মৌলিক মানবাধিকারকে অস্বীকার করা হচ্ছে না? চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা কতটুকু যৌক্তিক সে ব্যাপারে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্ন দেখা দিয়েছে।’

এ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের নানা এলাকায় সংখ্যালঘু নিপীড়নের ঘটনায় ক্ষোভ জানিয়ে তিনি বলেন, ‘এমন বাস্তবতায় ধর্মীয় সংখ্যালঘুদের মানবাধিকার রক্ষিত হচ্ছে কিনা তা বিরাট প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে।’

হাইকোর্টে সংবিধানের পঞ্চম সংশোধনীর প্রশ্নে রুলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বিদ্যমান সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া যে প্রসঙ্গ তুলেছেন, এর প্রতিক্রিয়ায় মনীন্দ্র নাথ বলেন, ‘সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দিতে বলা মুক্তিযুদ্ধের মূল চেতনা- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের পরিপন্থী ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের চেতনার সঙ্গে অসামঞ্জ্যপূর্ণ নয় কি?’

অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশনগুলোতে সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব না থাকায় ক্ষোভ প্রকাশ করে সংখ্যালঘু ঐক্যমোর্চা।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নির্মল রোজারিওর সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, হাফিজুর রহমান কার্জন, জোবায়দা নাসরীন; জ্যেষ্ঠ সাংবাদিক আবু সাঈদ খান, ঢাকার সেন্ট মেরিস ক্যাথেড্রালের পাল পুরোহিত অ্যালবার্ট ডি রোজারিও পাল পুরোহিত, কারিতাস ডেভেলপমেন্টের পরিচালক থিও থিল নকরেক, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়সহ আরও অনেকে।

জয়ন্ত সাহা/সাদিয়া নাহার/অমিয়/

৬ নবজাতকের প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৪:২৫ পিএম
৬ নবজাতকের প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা
ছবি: সংগৃহীত

ঢাকার আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় প্রত্যেক শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

রবিবার (৭ জুন) ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে মধ্যস্থতাকারী আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগের ঘোষিত সুযোগ-সুবিধাগুলি বহাল থাকবে। এর সঙ্গে প্রত্যেক শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে দেওয়ার যৌথ সিদ্ধান্ত হয়েছে।

এর আগে শনিবার রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে মারা যাওয়া নবজাতকদের পরিবারকে আজীবন বিনা মূল্যে চিকিৎসাসহ ক্ষতিপূরণ, শিক্ষাসহায়তা এবং চাকরির প্রস্তাব দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দীর্ঘমেয়াদে থাকার এই ঘোষণা দেওয়া হয়।

এসএন/

তোফায়েল আহমেদসহ ১৬ এমপির মৃত্যুতে শোকপ্রস্তাব

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৪:২৫ পিএম
তোফায়েল আহমেদসহ ১৬ এমপির মৃত্যুতে শোকপ্রস্তাব
ফাইল ছবি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব গৃহীত হয়েছে।

রবিবার (৭ জুন) বিকেলে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন) প্রথম দিনের কার্যক্রম শুরু হলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) শোকপ্রস্তাব উত্থাপন করেন। এ সময় প্রয়াত সংসদ সদস্যদের কর্মময় জীবন, দেশের রাজনীতি, মুক্তিযুদ্ধ এবং জনকল্যাণে তাদের অবদানের কথা স্মরণ করা হয়।

শোকপ্রস্তাবে যাদের স্মরণ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন- জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. কায়সার, বিএনপির সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান, বিএনপির সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক, মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক, সাবেক টেকনোক্র্যাট মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দোহা।

এ ছাড়া জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আবু নূর মোহাম্মদ বাহাউল হক, বিএনপির সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, ময়মনসিংহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন, চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা এবং ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. দবিরুল ইসলামকে স্মরণ করা হয়।

শোকপ্রস্তাবে আরও অন্তর্ভুক্ত করা হয় ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্ষীয়ান রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন এবং ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহর নাম।

শোকপ্রস্তাব উত্থাপনের পর প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সংসদে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর অধিবেশনের অন্যান্য কার্যক্রম শুরু হয়।

এলিস/সালমান/

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৩:৫৭ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ০৩:৫৯ পিএম
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু
ছবি: সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। 

রবিবার (৭ জুন) বেলা ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশনের কার্যক্রম শুরু হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকার ও বিরোধী দলের সদস্যদের বাজেটের ওপর আলোচনা শেষে আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত করা হয়। প্রথম দিনের কার্যসূচিতে সভাপতিমণ্ডলীর মনোনয়ন, শোকপ্রস্তাব, প্রশ্নোত্তর পর্ব এবং জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে বিধি-৭১ অনুযায়ী উত্থাপিত নোটিশ নিষ্পত্তির বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া জ্বালানি খাতসংক্রান্ত একটি বিশেষ কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হবে।

বাজেট অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) শনিবার রাত থেকে সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকসহ ক্ষতিকর দ্রব্য বহনও নিষিদ্ধ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাজেট পাসের পাশাপাশি চলতি অধিবেশনে সংবিধান সংস্কার ও সংসদীয় কমিটি গঠনের বিষয়েও আলোচনা হতে পারে।

এর আগে, গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়। ২৫ কার্যদিবসের ওই অধিবেশনে ৯৪টি বিল পাস এবং একাধিক সংসদীয় কমিটি গঠন করা হয়।

এলিস/সালমান/

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:১৮ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ১২:২০ পিএম
সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত
ছবি: সংগৃহীত

দেশের ৭ অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (৭ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিমবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। 

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

সালমান/ 

মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে আজ থেকে

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৯:৪১ এএম
মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে আজ থেকে
আজ থেকে নতুন সময়সূচিতে চলাচল করবে মেট্রোরেল। ছবি: সংগৃহীত

নতুন সময়সূচিতে চলাচল করবে মেট্রোরেল। রবিবার (৭ জুন) থেকে রাজধানীর দুই প্রান্ত–উত্তরা ও মতিঝিল থেকে রাতে ট্রেন চলাচলের সময় ২০ মিনিট করে বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাতে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশে সর্বশেষ ট্রেনটি ছেড়ে যাবে সাড়ে ১০টায়, যা গতকাল শনিবার পর্যন্ত রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যেত। অন্যদিকে উত্তরা থেকে মতিঝিলের পথে রাতের শেষ ট্রেনটি ছাড়বে ৯টা ৫০ মিনিটে, যা গতকাল রাতে ছেড়েছে সাড়ে ৯টায়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে সময় বাড়ানোর লক্ষ্যে এক মাস ধরে ট্রায়াল রান বা পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। আজ রবিবার থেকে এই বর্ধিত সময়ে যাত্রী পরিবহন শুরু হবে। তবে প্রাথমিকভাবে এই বাড়তি ২০ মিনিটে মেট্রোরেল উভয় দিক থেকে একটি করে ট্রিপ দেবে। এর অর্থ একটি ট্রেন মতিঝিলমুখী ও অন্যটি উত্তরামুখী চলাচল করবে। এতে এই সময়ে একটি ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের মধ্যবর্তী বিরতি বা হেডওয়ে থাকবে ১০ মিনিট।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, শুরুতে মতিঝিল থেকে রাত ১১টা এবং উত্তরা থেকে রাত ১০টার পর শেষ ট্রেন ছাড়ার পরিকল্পনা ছিল। তবে একসঙ্গে এত সময় বাড়ালে পর্যাপ্ত যাত্রী পাওয়া যাবে কি না, তা নিয়ে নিশ্চিত হতে না পারায় আপাতত ২০ মিনিট করে সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আগামী কয়েক মাসের মধ্যে রাতে চলাচল আরও আধা ঘণ্টা বাড়ানোর বিষয়টি ভাবা হচ্ছে।

এখন প্রতিদিন সকাল সাড়ে ৬টায় উত্তরা থেকে মতিঝিলগামী দিনের প্রথম মেট্রোরেল ছাড়ে। আর মতিঝিল থেকে প্রথম ট্রেনটি ছাড়ে সকাল সোয়া ৭টায়। সকালের এই সূচিতে আপাতত কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম খবরের কাগজকে বলেন, ‘রাতে দুই দিক থেকেই মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করা যাচ্ছে, রবিবার থেকে বর্ধিত সময়ে ট্রেন চলাচল করবে। পর্যায়ক্রমে সময় আরও বাড়ানো হবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সরকারের উচ্চপর্যায় থেকে।’

এর আগে গত বছরের অক্টোবরে মেট্রোরেলের সময়সীমা উভয় দিকে আধা ঘণ্টা করে মোট ১ ঘণ্টা বাড়ানো হয়েছিল। এখন সারা দিনে ২৯৭ বার (ট্রিপ) মেট্রোরেল যাতায়াত করে। রাতে সময় বাড়ায় এখন ট্রিপের সংখ্যা আরও বাড়বে।

এখন উত্তরা-মতিঝিল রুটে চলাচলের জন্য ২৪ সেট ট্রেন রয়েছে, যার প্রতিটিতে রয়েছে ছয়টি করে কোচ। পিক আওয়ারে (ব্যস্ত সময়) বর্তমানে ১২ সেট ট্রেন সার্বক্ষণিক চলাচল করে। ডিএমটিসিএল সূত্র জানায়, বাড়তি সময়ের চাহিদা মেটাতে এখন থেকে ১৪ সেট ট্রেন সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে।

ডিএমটিসিএলের অপারেশনস বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কারিগরিভাবে প্রতি সাড়ে ৩ মিনিট পরপর একটি ট্রেন চালানোর সক্ষমতা রয়েছে ডিএমটিসিএলের। প্রকল্প পরিকল্পনায় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ট্রেন চালানোর প্রক্ষেপণ থাকলেও মূলত প্রয়োজনীয় লোকবলের অভাবে পর্যায়ক্রমে সময় বাড়ানো হচ্ছে।

বর্তমানে মেট্রোরেলে দৈনিক গড়ে সোয়া চার লাখের মতো যাত্রী যাতায়াত করছেন, যেখানে দৈনিক পাঁচ লাখ যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা ছিল। তবে কমলাপুর পর্যন্ত সম্প্রসারিত অংশ আগামী বছর চালু হলে দৈনিক যাত্রীসংখ্যা পৌনে সাত লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যোগাযোগের মাধ্যমে ঢাকায় প্রথম মেট্রোরেল চালু হয়। পরবর্তী সময়ে ২০২৩ সালের শেষ দিনে মতিঝিল পর্যন্ত সব কয়টি স্টেশনে পুরোদমে যাত্রী পরিবহন শুরু হয়।