অভ্যুত্থানে নিহত শহিদদের তালিকা আগামী সোমবারের মধ্যে তৈরি করে পরবর্তী ক্যাবিনেটে পাঠানো হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতার চিকিৎসা ও শহিদ পরিবারের পুনর্বাসন বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
সভায় গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা খন্দকার জহিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ৮৫৯ জন শহিদের ভেরিফাইড তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্ট থেকে পেয়েছি। এটি যদিও চূড়ান্ত নয়। এ ব্যাপারে কাজ চলছে।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বলেন, হাসপাতালে আহত রোগীদের খাবারের মানোন্নয়নে বরাদ্দ বৃদ্ধির ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আশা করি বরাদ্দ বৃদ্ধিতে খাবারের মানে দৃশ্যমান উন্নতি দেখা যাবে। এ ছাড়া সকল হাসপাতালে পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে যেন কোনো অবস্থাতেই আহত রোগীদের নিজের টাকা খরচ করে চিকিৎসার জন্য কিছু না কিনতে হয়।
সভায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতার চিকিৎসা, শহিদ ও আহতদের তালিকা চূড়ান্তকরণ, শহিদ পরিবার ও আহত রোগীদের পুর্নবাসন, পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে দায়িত্ব বন্টন এবং বিবিধ বিষয়ে আলোচনা হয়।
সভায় জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম জানান, এ পর্যন্ত ৫২৫ শহিদ পরিবার এবং ১৪১০ জন আহতকে ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন প্রমুখ।
আরিফ সাওন/নাবিল/এমএ/