প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার। তবে এখনো সুনির্দিষ্ট দিনক্ষণ ঠিক করা হয়নি। তিনি জানান, এরই মধ্যে ঘোষণাপত্র তৈরিতে সরকার গুরুত্ব দিয়েছে। আশা করি এতে সবার প্রত্যাশার প্রতিফলন থাকবে।
রবিবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে প্রেস সচিব বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করবে অন্তর্বর্তী সরকার। না পারলে পরবর্তী সরকার চেষ্টা করবে। এটা জাতির আকাঙ্ক্ষা ও জাতীর দায়।
সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়ে শফিকুল আলম বলেন, তাদের হত্যার তদন্তের জন্য গত নভেম্বরে একটা টাস্কফোর্স করা হয়েছিল। নতুন করে ২৫-৩০ জনের সঙ্গে কথাবার্তা বলেছি। অনেক কাজ করছে পিবিআই। আশা করছি পিবিআই ভালো কিছু করতে পারবে, ওনারা প্রচুর শ্রম দিচ্ছেন।
বিটিভি ও বাসস বরাবরের মতো সরকারি বৃত্তে কাজ করে যাচ্ছে। সরকারের জন্য বিব্রতকর এমন কোনো সংবাদ বিটিভি-বাসস প্রচার করে না, এই দুটি প্রতিষ্ঠানে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে সরকার কোনো উদ্যোগ নেবে কিনা, এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, পুরো পৃথিবীতে রাষ্ট্রীয় গণমাধ্যম থাকে। নিউজ এজেন্সি থাকে, এটা ভাইটাল একটা কাজ। স্টেট ব্রডকাস্টের মেইন প্রোগ্রামিং টিভি থাকে, নিউজ টিভি থাকে, ইংলিশ চ্যানেলের টিভি থাকে।
তিনি বলেন, আপনি যদি তুরস্কের দিকে দেখেন, রাশিয়ার দিকে দেখেন, ইন্ডিয়ার দিকে দেখেন, পাকিস্তানের দিকে দেখেন, ইন্দোনেশিয়া ও চায়নার দিকে দেখেন, এরা সবাই স্টেট ব্রডকাস্টকে বড় করছে। স্টেট ব্রডকাস্টের আলাদা একটা প্রয়োজনীয়তা রয়েছে।
এমএ/