ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ‘পূর্বাচল নতুন শহর’ প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি করা হয়। মামলা দুটিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাসহ মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। দুদকের মুখপাত্র ও মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএএ আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, শফিউল হক, পরিচালক মো. কামরুল ইসলাম, পরিচালক মো. নুরুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সাবেক সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন ও শহীদ উল্লা খন্দকার।
মামলার এজাহারে বলা হয়, শেখ হাসিনা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তার ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে নিজ মালিকানায় ও তার ছেলে, মেয়ে, বোন, বোনের মেয়ে ও বোনের ছেলের নামে ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের বরাদ্দসংক্রান্ত আইনবিধি ও নীতিমালা ও আইনানুগ পদ্ধতি লঙ্ঘন করেছেন। তার দপ্তরসহ প্রকল্পের বরাদ্দবিষয়ক দায়িত্বপ্রাপ্ত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের গণকর্মচারীদের প্রভাবিত করে নিজে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বরত ও বহাল থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের অতিমূল্যবান কূটনৈতিক এলাকায় ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার প্লট নম্বর ০০৯ নিজ নামে বাস্তব দখলসহ রেজিস্ট্রিমূলে গ্রহণ করেছেন। একইভাবে তিনিসহ তার পরিবারের সদস্যরা ১০ কাঠা করে ছয়টি প্লট, মোট ৬০ কাঠা সরকারি সম্পত্তি নিয়েছেন।
ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে প্লট নেওয়ার ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যাচাই শেষে গত ডিসেম্বর মাসে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। দীর্ঘ অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ফলে গত রবিবার শেখ হাসিনার মেয়ে পুতুলের বিরুদ্ধে মামলা করে দুদক। সোমবার শেখ রেহানা, রেহানার ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিক ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধেও মামলা করা হয়।
মাহফুজ/এমএ/