ঢাকার সাভারে বকেয়া বেতনের দাবিতে আলাদা স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দুইটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের সিঙ্গাইর-হেমায়েতপুর ও বিশমাইল-জিরাবো সড়ক অবরোধ করে কারখানা দুটির শ্রমিকরা বিক্ষোভ করেন।
শিল্পপুলিশ ও বিক্ষোভরত শ্রমিকরা জানান, সকাল থেকে সাভারের তেঁতুলঝোড়া এলাকায় বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড ও আশুলিয়ার কাঠগড়ায় ছেইন অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। মূলত দুটি কারখানার শ্রমিকরা জানুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন।
তাদের দাবি, মালিকপক্ষ বেতন পরিশোধ না করে নানা টালবাহানা করায় নিরুপায় হয়েই তারা সড়ক অবরোধ করেছেন। বাসা ভাড়া ও দোকান বিলের জন্য চাপ প্রয়োগ করায় কষ্টে দিন কাটছে শ্রমিকদের।
এ বিষয়ে ছেইন অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিক মো. শহিদুল ইসলাম বলেন, ‘আমাদের প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধের কথা। কিন্তু শ্রমিকদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে গত ৯ ফেব্রুয়ারি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। পরে শ্রমিকদের চাপের মুখে ১৫ ফেব্রুয়ারি পাওনা পরিশোধের তারিখ দেয় মালিকপক্ষ। কিন্তু পরে মালিকপক্ষ সেই কথাও না রাখায় গত ১৬ ফেব্রুয়ারি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। সে সময় প্রশাসনের আশ্বাসে সড়ক ছেড়ে দেওয়া হলেও এখন পর্যন্ত আশানুরূপ কোনো কিছু দেখা যায়নি। তাই আজও তারা বিশমাইল-জিরাবো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড কারখানার এক শ্রমিক বলেন, ‘শ্রমিকরা এখন পর্যন্ত গত জানুয়ারি মাসের বেতন পাননি। গত ২০ ফেব্রুয়ারি মালিকপক্ষ তাদের পাওনা পরিশোধের তারিখ নির্ধারণ করলে শ্রমিকরা তা মেনে নেয়। কিন্তু মালিকপক্ষ সেই প্রতিশ্রুতি না রাখায় আজ শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।’
শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানান, সাভার ও আশুলিয়ায় দুটি পোশাক কারখানার শ্রমিকরা আজ পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ করছেন। আমরা কারখানা দুটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। ছেইন অ্যাপারেলস লিমিটেড কারখানা কর্তৃপক্ষ মার্চের ৩ তারিখে বেতন পরিশোধের আশ্বাস দিয়েছেন। আর বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি।
ইমতিয়াজ ইসলাম/সুমন/