প্রায় দীর্ঘ ৫০ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আবারও শুরু হয়েছে সরাসরি বাণিজ্য। সরকার থেকে সরকার (জি টু জি) পর্যায়ে হওয়া চুক্তি অনুসারে ২৬ হাজার টন চাল নিয়ে বাংলাদেশের পথে রওয়ানা দিয়েছে একটি পাকিস্তানি কার্গো জাহাজ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এই প্রথমবার সরকার-অনুমোদিত পাকিস্তান শিপিং করপোরেশনের একটি কার্গো জাহাজ করাচির পোর্ট কাসিম থেকে বাংলাদেশের পথে রওয়ানা হয়েছে। আগামী ৪ মার্চ জাহাজটি বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে।
এটি দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেছে এক্সপ্রেস ট্রিবিউন। পাকিস্তান থেকে সরাসরি পণ্য আমদানি ১৯৭১ সালের পর দু’দেশের সম্পর্ক পুনরুদ্ধারের পথ উন্মোচন করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ পাকিস্তান থেকে মোট ৫০ হাজার টন চাল কিনতে এ বছরের ফেব্রুয়ারির শুরুর দিকে একটি চুক্তি চূড়ান্ত হয়েছে। এই চাল পাকিস্তানের ট্রেডিং করপোরেশন (টিসিপি)-এর মাধ্যমে সরবরাহ করা হবে। চাল রপ্তানির প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হবে। প্রথম চালানের ২৫ হাজার টন চাল বর্তমানে বাংলাদেশের পথে। বাকি ২৫ হাজার টন চাল আগামী মার্চের শুরুতে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
গত বছর শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দু’দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা বৈঠক করে এবং বাণিজ্যিক সম্পর্ক চালুর চেষ্টা করে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এমন মনোভাবে পাকিস্তান ইতিবাচক সাড়া দেয়।
খবরে বলা হয়, প্রথমবারের মতো পাকিস্তান ন্যাশনাল শিপিং করপোরেশনের (পিএনএসসি) একটি জাহাজ সরকারি কার্গো নিয়ে বাংলাদেশের বন্দরে নোঙর করবে। এটি দ্বিপাক্ষিক সামুদ্রিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সূত্র: দি এক্সপ্রেস ট্রিবিউন