বাংলা অ্যাকাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, রাষ্ট্র পরিচালনার যোগ্যতা হারিয়ে অত্যাচারী শাসকে পরিণত হয়েছিলেন বিগত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার এফডিসিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান ও একুশের চেতনা’ বিষয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তিনি বলেন, ‘আওয়ামী সরকারপ্রধান শেখ হাসিনা নিজেকে একচ্ছত্র ক্ষমতার অধিকারী মনে করতেন। নির্বিচারে গুম-খুনের নির্দেশদাতা হিসেবে বিচার বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসনসহ সব প্রতিষ্ঠানই তার একক নির্দেশে পরিচালিত হতো। হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট তার মর্যাদা হারিয়েছিল।’
অধ্যাপক আবুল কাসেম আরও বলেন, ‘একুশের চেতনায় উজ্জীবিত হয়েই দেশের ছাত্র-জনতা জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটিয়েছে। বিগত সরকার যেসব অপরাধ করেছে, সেসব অপরাধে দণ্ডিতদের বিচার হলে ফাঁসির রায়ও হতে পারে। দেশবাসী আশা করে, বন্দিবিনিময় চুক্তির আওতায় ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে এবং সেটিই করা উচিত।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘জুলাই বিপ্লবসহ আওয়ামী শাসনামলে গত ১৫ বছরের সব গুম-খুন, হত্যার বিচার যত দ্রুত করা যাবে, ততই সাধারণ মানুষের আইনের শাসনের প্রতি আস্থা বাড়বে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশ এখন গণতন্ত্রের সন্ধিক্ষণে অবস্থান করছে। দেশের এই সংকটকালে ছাত্র-জনতাসহ, বিশেষ করে রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে দেশি-বিদেশি অপশক্তি অনৈক্যের সুযোগ নিয়ে জুলাই বিপ্লবে অর্জিত সুফলকে ব্যর্থ করার অপচেষ্টা চালাতে পারে।’
ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘জুলাই গণ-অভ্যুত্থান প্রমাণ করেছে একুশের চেতনা বৃথা যায়নি’ শীর্ষক ছায়া সংসদে সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিকদের পরাজিত করে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা বিজয়ী হন।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, অধ্যাপক ড. এ কে এম মাজহারুল ইসলাম, সাংবাদিক সাইদুল ইসলাম ও সাংবাদিক মাঈনুল আলম। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। সূত্র: বাসস