প্রধান উপদেষ্টার সিনিয়র প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এখন পর্যন্ত পদত্যাগ করেননি। আমি সেটাই জানি।’
তিনি বলেন, ‘নতুন রাজনৈতিক দল গঠনসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নাহিদ ইসলামের ইচ্ছায় হবে। এ ব্যাপারে সরকার কোনো মন্তব্য করতে চায় না।’
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সংবাদ সম্মেলনে শফিকুল আলম এসব কথা বলেন।
এর আগে বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে কোর কমিটির সভা হয়।
সভা শেষে শফিকুল আলম সাংবাদিকদের বলেন, ‘রাজধানী ঢাকাসহ যেসব জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, সেসব জায়গায় যৌথ বাহিনীর টহল (কম্বাইন্ড প্যাট্রোলিং) বাড়াব। যতটা সম্ভব টহল বাড়াব এবং এই টহল আজ সন্ধ্যা থেকে দেখবেন পুরো ঢাকা শহরে।’
ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের উদ্দেশে প্রেস সচিব বলেন, সরকারি সব অফিসে ই-ফাইলিং করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এখন থেকে সরাসরি ফাইল না দিতে বলা হয়েছে। দ্রুত ই-ফাইলিং করার সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে জাতীয় নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস সচিব বলেন, ‘যৌথভাবে টহল কার্যক্রম চলবে। পুলিশ, আর্মি, নেভি, বিজিবি সবাই একসঙ্গে কম্বাইন্ড প্যাট্রোলিং করবে।’
শফিকুল আলম বলেন, ‘রাজধানীসহ অনেক জায়গায় চেকপোস্ট বসবে। জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে। তল্লাশি কার্যক্রম চলবে। গোয়েন্দা নজরদারিও আগের চেয়ে বাড়ানো হবে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পুলিশকে শতাধিক মোটরসাইকেল দেওয়া হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘কক্সবাজারের পরিস্থিতি নিয়ে পুলিশের এসপি ও প্রশাসনের কাছ থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সভা থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগিরই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।’