রাজনৈতিক পটপরিবর্তন আর সামাজিক নানা অস্থিরতায় বিদায় নিচ্ছে বঙ্গাব্দ ১৪৩১। যে বঙ্গাব্দে তারুণ্য রক্ত দিয়েছে গণতান্ত্রিক মুক্তির পথে- সে বছরের শেষ ভাগে নানা সহিংসতা ও মানবিকতার চরম বিপর্যয়ে ডেকে এনেছে নিদারুণ উৎকণ্ঠা। ব্যথাতুর হৃদয় তবুও নতুন আশায় পথ খোঁজে। অপেক্ষায় থাকে নতুন ভোরের। সেই প্রত্যাশায় আজ বাঙালি বিদায় দেবে আরও এক বঙ্গাব্দের।
অফুরান সম্ভাবনা আর প্রাণের উচ্ছ্বাস নিয়ে বাংলা ১৪৩১ সালকে স্বাগত জানিয়েছিল বাংলাদেশ। আষাঢ় ও শ্রাবণে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান নতুন পথে চলার মন্ত্র শিখিয়েছিল। অথচ সে পথই এখন কণ্টকাকীর্ণ। ভিন্ন মত ও পথের মানুষকে হটাতে সহিংস কর্মকাণ্ডে নারী ও কন্যাশিশুর ওপর পাশবিক নির্যাতনের ঘটনা আতঙ্কের নীলবাষ্প ছড়িয়েছে প্রতিদিন। অভ্যুত্থানে শহিদ ভাইয়ের ব্যথা নিয়েই বাঙালি আজ বিদায় দেবে বিষাদময় বঙ্গাব্দকে।
বাংলা বর্ষের শেষ দিন আজ। আজ চৈত্রসংক্রান্তি। ঐতিহ্য গবেষকদের মতে, বাংলা বর্ষের সর্বাধিক উৎসবের সঙ্গে জড়িয়ে আছে চৈত্রসংক্রান্তির দিনটি। নানা ধর্ম-জাতি-গোষ্ঠীর মানুষ নানা আয়োজনে এদিন মুখর করে তোলেন নানা লোকায়ত উৎসব। সময়ের আবর্তনে সংক্রান্তির হাট আর তালপাতার শিরনি হারিয়ে গেছে।
দেশের প্রত্যন্ত কয়টি গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের চড়ক পূজা আয়োজন এখনো চলছে। সন্তান প্রাপ্তি, দূরারোগ্য ব্যাধি থেকে মুক্তিলাভ ও মনের বাসনা পূরণের আশায় পূজাটি করা হয়। আজ মুন্সীগঞ্জ সদর উপজেলার আবদুল্লাহপুর গ্রামে হবে নীল পূজা। এটি ছিল চড়ক পূজার অন্যতম অনুষঙ্গ। এই নীল পূজা এখন লালকাচ নামেই বেশি পরিচিত। উত্তরবঙ্গের নানা গ্রামে আজ হবে শিবের গাজন।
খুলনার বাটিয়াঘাটা গ্রামে হচ্ছে খেজুরভাঙা উৎসব। চৈত্রসংক্রান্তি উপলক্ষে দেশের নানা জাতিসত্তার মানুষ তাদের ধর্মীয় নানা আচরণ পালন করবে এদিন।
বঙ্গাব্দ বিদায়ে বহু আয়োজন আজ দেশজুড়ে। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশজুড়ে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বেলা ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিল্পকলা একাডেমির আয়োজনে রয়েছে ব্যান্ড কনসার্ট। গারো ব্যান্ড এফ মাইনর, মারমা ব্যান্ড লা-রং, ত্রিপুরা ব্যান্ড ইমাং, খাসিয়া ব্যান্ড ইউনিটি, চাকমা ব্যান্ড ইনভোকেশন, মাইলস, ওয়ারফেজ, ভাইকিংস, এভয়েড রাফা, দলছুট, স্টোনফ্রি এই আয়োজনে গান শোনাবে।
শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নবপ্রাণ আন্দোলন ‘বাংলার উৎসব’ শিরোনামে চৈত্রসংক্রান্তির আয়োজন করছে। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে চৈত্রসংক্রান্তির উৎসব আয়োজন করছে সুরের ধারা। আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবের বিপরীতে তোপখানা রোডের বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজন করবে ‘লোকগানের আসর’। লোকগানের পাশাপাশি আবৃত্তি, নৃত্যসহ শিল্পীদের নানা পরিবেশনা থাকবে।
এ ছাড়া ১৩টি জেলায় বৈশাখী লোকনাট্য উৎসব শুরু হচ্ছে আজ। পালাগান, কবিগান, পুঁথিপাঠ, জারিগান, পুতুলনাচ, লাঠিখেলা, ঢাকি নৃত্য পরিবেশিত হবে এসব আয়োজনে। বিভিন্ন নৃগোষ্ঠী ইনস্টিটিউটে আজ থেকে শুরু হবে বৈশাখী মেলা।