আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গেজেট নোটিফিকেশনে আমাদের মতামতের জন্য অপেক্ষা করেনি কমিশন। তারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছে। এখানে আমার বলার কিছু নেই।’
এই ঘোষণার মাধ্যমে আওয়ামী লীগ আমলের নির্বাচনকে ‘লিগ্যালাইজ’ করা হলো কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।’
সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আসিফ নজরুল বলেন, ‘ইশরাক হোসেনের গেজেট নোটিফিকেশন হবে কি না, এ বিষয়ে নির্বাচন কমিশন আমাদের কাছে জানতে চেয়েছিল। নির্বাচন কমিশন তো আসলে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। আমাদের মতামত জানার প্রয়োজন ছিল না। এ জন্য তাদের সিদ্ধান্ত তাদের-ই নেওয়ার কথা। আমাদের কাছে যখন মতামত নিতে পাঠিয়েছিল তখন আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। এতে আমরা জানতে পেরেছি নির্বাচনি যে প্লেইন্ট (আরজি) আছে সেটা নাকি পরিবর্তন করা যায় না।’ কারণ সেখানে নাকি হাইকোর্টের রায় রয়েছে।
আইন উপদেষ্টা বলেন, ‘ইশরাক সাহেব নাকি পরবর্তী সময়ে প্লেইন্ট পরিবর্তন করেছিলেন। সে জন্য আমরা দ্বিধান্বিত ছিলাম, এটা কি গেজেট নোটিফিকেশন হবে নাকি আপিল করতে হবে। তবে নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেনি। ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছেন। এখানে আমার বলার কিছু নেই।’
অনেকে বলেছেন, এর মধ্যমে আওয়ামী লীগ আমলের নির্বাচনকে লিগ্যালাইজ করা হলো- এ কথার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। এটা নির্বাচন কমিশনের ব্যাপার। এভাবে যারা মামলা করে বা প্লেইন্ট পরিবর্তন করে বিজয়ী হতে চাচ্ছেন, এটা তাদের জিজ্ঞেস করতে পারেন।’