বিআরটিসি তাদের ৬৩০টি বাস নিয়ে ঈদ স্পেশাল সার্ভিস উদ্বোধন করেছে।
বুধবার (৪ জুন) সকালে মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপোতে সড়ক পরিবহ ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক এই সার্ভিসের উদ্বোধন করেন।
বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা এসময় জানান, বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিসে ৬৩০টি বাস সংযোজন করা হয়েছে। ঢাকাসহ সারা দেশের ২৬টি স্থান থেকে এই সার্ভিস পরিচালিত হবে।
তিনি জানান, আগামী ১৪ জুন পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে। এ সার্ভিসের আওতায় ঢাকার মতিঝিল, জোয়ারা সাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর ও যাত্রাবাড়ী বাস ডিপো থেকে বিভিন্ন রুটের টিকিট সংগ্রহ করা যাবে। এ ছাড়া নারায়ণগঞ্জ (চাষাড়া), গাজীপুর, নরসিংদী, কুমিল্লা, সিলেট, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, বগুড়া, সোনাপুর, পাবনা ও টুঙ্গিপাড়ার বাস ডিপো থেকেও বিভিন্ন রুটের টিকিট কেনা যাবে।
আব্দুল লতিফ মোল্লা বলেন, ‘বিশেষ করে ঢাকা শহরের গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে অন্যান্য যারা শ্রমজীবী মানুষ আছে তাদেরকে সহজে, স্বল্প খরচে ও নিরাপদে আমরা বাড়ি পৌঁছে দেই এবং বাড়ি থেকে আসার ব্যবস্থা করি।’
তিনি জানান, ঈদ স্পেশাল সার্ভিসের প্রতিটি গাড়িতে চালকের নাম, মোবাইলফোন নম্বর, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, প্রধান কার্যালয়ের কন্ট্রোল রুমের নম্বর সম্বলিত স্টিকার লাগানো হয়েছে। কোনো বাসে কোনো পরিবহনকর্মী যেন অতিরিক্ত যাত্রী পরিবহন না করতে পারে কিংবা যত্রতত্র যাতে যাত্রী উঠানামা করা না হয়- এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সড়ক ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বিআরটিসির পরিচালক (প্রশাসন ও অপারেশন) মো. রাহেনুল ইসলাম, পরিচালক (কারিগরি) কর্নেল কাজী আইয়ুব আলীসহ মতিঝিল বাস ডিপোর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে ২৪ মে থেকে বিআরটিসির ডিপোগুলোতে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
জয়ন্ত সাহা/সুমন/