বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান মারা গেছেন।
বুধবার (১৬ জুলাই) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে জানান, বুধবার রাত ২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বদিউর রহমানকে হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অমিত জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে অধ্যাপক বদিউর রহমানের মরদেহ নিয়ে যাওয়া হবে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে। সেখানে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাখা হবে নাগরিক শ্রদ্ধাঞ্জলির জন্য। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হবে বরিশালে। সেখানে নিজ বাড়িতে দাফন করা হবে বদিউর রহমানকে।
অধ্যাপক বদিউর রহমানের জন্ম ১৯৪৭ সালে বরিশালে। ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন। ২০০৪ সালে সরকারি কলেজ থেকে অবসর গ্রহণ করেন। তিনি কাজ করেছেন সাহিত্যতত্ত্ব নিয়ে। গবেষণা, অনুবাদ ও সম্পাদনায় তিনি বিস্তর কাজ করেছেন। সাহিত্য স্বরূপ, সাহিত্য সংজ্ঞা অভিধান, ধ্রুপদী সাহিত্যতত্ত্ব, বাংলার চারণ মুকুন্দদাস, সত্যেন সমীক্ষণ, দ্য প্রিন্স, গণনাট্য, উপন্যাস ও জনগণ, সত্যেন সেন রচনাবলি (৯ খণ্ড, বাংলা একাডেমি, ঢাকা), রবীন্দ্রনাথের অনুবাদ কবিতা, নজরুল অভিভাষণ ও পত্রাবলি-সহ তার অর্ধশতাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে।
বদিউর রহমান দীর্ঘদিনের সংস্কৃতি সাধনায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সঙ্গে যুক্ত হন আশির দশকে। নব্বইয়ের দশকে তিনি উদীচীর সহসভাপতির দায়িত্বে আসেন। ২০২২ সালের জুনে উদীচীর ২২তম জাতীয় সম্মেলনে তাকে সভাপতি পদে নির্বাচিত করেন উদীচী সদস্যরা। মৃত্যুর আগে তিনি সে পদেই বহাল ছিলেন।
তবে জীবনের শেষভাগে তাকে পেতে হয়েছে তিক্ত অভিজ্ঞতা।
রাজনৈতিক দ্বন্দ্বে উদীচীতেও ভাঙন ধরিয়ে দেন একদল সদস্য, যারা বিভিন্ন বামপন্থি রাজনৈতিক দলেরও সদস্য। সেই সদস্যদের অভিযোগ ছিল, বদিউর রহমান ও তার অনুসারীরা জুলাই অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের দোসর।
ভাঙনের শুরুটা হয় এ বছরের ফেব্রুয়ারিতে। চলতি বছর ৬-৮ ফেব্রুয়ারি তিন দিনব্যাপি ২৩তম জাতীয় সম্মেলন আয়োজন করেছিল উদীচী। শিশু একাডেমিতে ৮ ফেব্রুয়ারি সম্মেলনের সমাপনী পর্বে কমিটি গঠন নিয়ে আলোচনাকালে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ওই ঘটনা কেন্দ্র করে বদিউর রহমানের নেতৃত্বকে অস্বীকার করে বসেন উদীচী সদস্য হাবিবুল আলম, জামসেদ আনোয়ার তপনরা। পরে জুনে সেই অসমাপ্ত জাতীয় সম্মেলন সম্পন্ন করেন বদিউর রহমান। উদীচীর বৃহৎ অংশটি তাকে আবারও সভাপতি পদে নির্বাচিত করে৷
জয়ন্ত সাহা/অমিয়/