উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত ১৫ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
মঙ্গলবার (২২ জুলাই) বেলা ৩টার পর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগমও উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর জানানো হলেও স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে ২৯ জনের মৃত্যুর তথ্য দেন সায়েদুর রহমান।
তিনি জানান, উত্তরার দুর্ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে অধিকাংশ শিশু। আহতদের চিকিৎসায় ৭০ থেকে ৮০ ধরনের ওষুধ ব্যবহৃত হচ্ছে এবং ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে গুরুতর রোগীদের।
মঙ্গলবার দুপুরের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন দুজনকে কেবিনে শিফট করা হয়েছে বলে জানান বিশেষ সহকারী সায়েদুর রহমান।
তিনি বলেন, ‘দুজন রোগীকে আমরা কেবিনে শিফট করতে পেরেছি। এটা একটা উন্নতি বলে আমরা মনে করি। এ ছাড়া চিকিৎসাধীন আরও ১০ জনকে চিকিৎসকরা শঙ্কামুক্ত বলে মনে করছেন। বাকি ৩০ জন এখনো অস্পষ্ট একটা জায়গায় রয়েছে। তাদের চিকিৎসায় এখানে দেশের সব বিশেষজ্ঞদের যুক্ত করা হয়েছে।’
উত্তরার দুর্ঘটনার পরে বেশ কয়েকটি হাসপাতালের ‘মাল্টিডিসিপ্লিনারি টিম’ কাজ শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘সে অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় ইন্টারভেনশন, ফ্লুইড ও মেডিসিন ম্যানেজমেন্টে পরিবর্তন করা হয়েছে।’
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সমঝোতা চুক্তি রয়েছে। বিমান দুর্ঘটনার পর আহতদের চিকিৎসায় সহায়তা করতে সিঙ্গাপুর থেকে একজন চিকিৎসক ও দুইজন নার্স বাংলাদেশে আসছেন বলে জানান সায়েদুর রহমান।
ওই হাসপাতালের একজন সিনিয়র কনসালটেন্ট এবং দুজন নার্স মঙ্গলবার রাতে বাংলাদেশে এসে পৌঁছাবেন। স্বাস্থ্য মন্ত্রণালয় আশা করছে, বুধবার সকাল থেকে সিঙ্গাপুরের চিকিৎসকরা ‘মাল্টিডিসিপ্লিনারি টিমে’ যুক্ত হতে পারবেন।
সায়েদুর রহমান বলেন, ‘তাদের মূল কাজ হবে গুরুতর আহতদের অবস্থা পর্যবেক্ষণ ও নিরীক্ষা করা। রোগীদের অবস্থা মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়া হবে কারও বিদেশে চিকিৎসার প্রয়োজন আছে কি না।’
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম জানান, উত্তরার দুর্ঘটনায় চারজন নিখোঁজ রয়েছে বলে তাদের কাছে তথ্য এসেছে।
জয়ন্ত/সালমান/