কুমিল্লা বোর্ডে ২০২৫ সালের এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণে ৮৪৪ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন, অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছে ১৯০ জন।
রবিবার (১০ আগস্ট) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. কবীর উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফল পুনঃনিরীক্ষণে মোট ৩৫ হাজার ৫৩১ পরীক্ষার্থী আবেদন করে। এর মধ্যে ৮৪৪ জনের ফলের গ্রেড পরিবর্তন হয়েছে। গত ১১ জুলাই ২০২৫ থেকে ১৭ জুলাই পর্যন্ত ফল পরিবর্তনের জন্য আবেদন নেওয়া হয়। এ বছর প্রাপ্ত ফলাফলে কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। নিরীক্ষণের আগে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯০২ জন শিক্ষার্থী।
ফলাফল বিবরণীতে দেখা গেছে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে সর্বমোট এক লাখ ৬৭ হাজার ৫৭২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করে এক লাখ ৬ হাজার ৫৮১ জন। ২০২৪ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৭৯ দশমিক ২৩ শতাংশ। ২০২৩ সালে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪২ শতাংশ। এ বছর মেয়ে পরীক্ষার্থী ছিল ৯৯ হাজার ৬২০ জন। পাশ করেছে ৬২ হাজার ৮০১ জন। পাসের হার ৬৪ দশমিক ২৬শতাংশ। ছেলে শিক্ষার্থী ছিল ৭০ হাজার ২০৩ জন। পাশ করেছে ৪৩ হাজার ৭৮০ শিক্ষার্থী। পাসের হার ৬৪ দশমিক ২৬ শতাংশ।
কুমিল্লা বোর্ডে চলতি বছর জিপিএ-৫ কমেছে। ২০২৪ সালে এ বোর্ডে জিপিএ-৫ পায় ১২ হাজার ১০০ জন। এবার জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯০২ জন। তবে বিজ্ঞানে জিপিএ-৫ প্রাপ্তির হার অনেক বেশি। এ বিভাগে ৯ হাজার ৪৬৩ জন জিপিএ-৫ পেয়েছে। মানবিকে জিপিএ-৫ পেয়েছেন ১৪৩ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পান ২৯৬ জন।
এদিকে এবার কুমিল্লা বোর্ডে শতভাগ পাস করেছে ৩৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠান। একেবারে কেউই পাশ করেনি এমন প্রতিষ্ঠান একটি। এ বছর গণিত বিষয়ে পাশের হার সবচেয়ে কম। এ বিষয়ে অংশগ্রহণ করেছে ১ লাখ ৬৭ হাজার ৫২৪ জন শিক্ষার্থী। পাশ করেছে ১ লাখ ২০ হাজার ৬৩১ জন শিক্ষার্থী। পাশের হার ৭২ দশমিক ০১ শতাংশ।
জহির/নাঈম