আজ ২০ আগস্ট বিশ্ব ‘মশা দিবস’। প্রতিবছর দিবসটি পালন করা হয় চিকিৎসক রোনাল্ড রসের আবিষ্কারকে সম্মান জানানোর জন্য।
১৮৯৭ সালের ২০ আগস্ট চিকিৎসক রোনাল্ড রস অ্যানোফিলিস মশাবাহিত ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেছিলেন। পরবর্তীকালে তিনি এই আবিষ্কারের জন্য ‘নোবেল’ পুরস্কার পান।
১৯৩০-এর দশক থেকে দিবসটি পালিত হয়ে আসছে। যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন প্রথম দিবসটি পালন করা শুরু করে।
বাংলাদেশে মশার কারণে প্রতিবছর কতজন মানুষ মারা যান, তার নির্দিষ্ট সংখ্যা বলা কঠিন। কারণ এটি মশাবাহিত রোগের ওপর নির্ভর করে। তবে ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং ফাইলেরিয়াসিসের মতো রোগগুলো মশাবাহিত এবং এগুলোতে প্রতিবছর উল্লেখযোগ্যসংখ্যক মানুষ আক্রান্ত ও মারা যান। বিশেষ করে, ডেঙ্গু বাংলাদেশে একটি বড় জনস্বাস্থ্য সমস্যা। প্রতিবছর উল্লেখযোগ্যসংখ্যক মানুষ এতে আক্রান্ত হন ও মারা যান। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৭৫৮ জন।
২০১৯ সালে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সময় সরকারি হিসাবে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ১৭৯ জন মারা গিয়েছিলেন। ২০২২ সালে ৬২ হাজার ৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এবং ২৮১ জন মারা গিয়েছিলেন। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।
মশাবাহিত রোগের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে বিশেষভাবে সচেতন করার জন্য এই দিবস বিশ্বজুড়ে পালিত হয়। মশাবাহিত রোগ থেকে সাবধান হওয়ার জন্য এই দিন বিশ্বজুড়ে বেশকিছু সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।