এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) স্কোরে দূষিত বাতাসের শহরে সারা বিশ্বের মধ্যে ঢাকা আজ ১০তম অবস্থানে রয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল সোয়া ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ৯৭। তাই রাজধানীর বাতাসের মান আজ ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে।
গতকাল রবিবার একই সময়ে ঢাকার একিউআই সূচক ছিল মাত্র ৪২। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার ৬৮তম স্থানে ছিল ঢাকার নাম। সেখানে একদিনের ব্যবধানে ঢাকা আজ উঠে এসেছে তালিকার দশম স্থানে।
অন্যদিকে ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোরের বাতাসও আজ একই শ্রেণিভুক্ত হলেও ঢাকার চেয়ে স্কোর কম এবং তালিকার নিচের দিকে অবস্থান করছে। ৭৬ একিউআই স্কোর নিয়ে তালিকার অষ্টাদশ স্থানে রয়েছে দিল্লি এবং ৬৯ স্কোর নিয়ে ২৩তম স্থানে লাহোর।
একই সময়ে ১৭৪ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। আইকিউএয়ার বলছে, সাধারণত জুন থেকে ডিসেম্বর পর্যন্ত জাকার্তার আবহাওয়া শুষ্ক থাকে। এ সময় শহরটির বায়ুদূষণের মান বাড়তে দেখা যায়। এদিকে ১৭২ ও ১২৯ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা ও আজারবাইজানের বাকু।
যখন কণাদূষণের একিউআই মান ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকে, তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘসময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
একিউআই মান ১৫১ থেকে ২০০-এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।
সুমন/