এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) স্কোরে দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ঢাকা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকার বাতাসে একিউআই স্কোর ছিল ২৯৪। একই সময়ে দ্বিতীয় স্থানে থাকা দিল্লির একিউআই স্কোর ছিল ২৭৮।
একিউআই সূচক অনুযায়ী, আজকের বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এর আগে বায়ুদূষণে বিশ্বের শীর্ষ দেশের তালিকায় ধারাবাহিকভাবে কমবেশি থেকেছে ভারতের রাজধানী দিল্লি।
ঢাকার যে ৫ স্থানে বায়ুদূষণ বেশি
আজ ঢাকার পাঁচ স্থানের বায়ু বেশি দূষিত। স্থানগুলো হলো পল্লবী দক্ষিণ (৩৮৬), বে’জ এজ ওয়াটার (৩২৮), মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৯৮), কল্যাণপুর (২৭৬) এবং গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৭৩)।
যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
একিউআই মান ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো-বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।
সুমন/