স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ নির্বাচনের সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে আওয়ামী লীগের দোসর বলতে কিছু নেই। এখানে সবাই নির্বাচনের জন্য প্রস্তুত। আমাদের প্রস্তুতি অনেক ভালো, কোথাও কোনো ঘাটতি নেই।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর সুবিদবাজারস্থ পি.টি.আই সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো.জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমি এসেছিলাম মতবিনিময় সভা করতে। এই মতবিনিময় সভার উদ্দেশ্য ছিল আমাদের আগামী ১২ তারিখ যে জাতীয় নির্বাচন এতে আমাদের কোথাও কোনো ঘাটতি আছে কি না। ঘাটতি থাকলে কীভাবে সমন্বয় করা যায় সেটা নিয়ে কথা বলতে। কিন্তু এখানে আসার পর আমি দেখলাম তাদের প্রস্তুতি খুবই ভালো। আমাদের যে চাওয়া ছিল তার তুলনায় অনেক অনেক ভালো। এবার আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
অন্যান্য নির্বাচনের তুলনায় এবার প্রস্তুতি বেশি ভালো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবার প্রতিটি ভোটিং সেন্টারে সুরক্ষা অ্যাপ রাখা হচ্ছে। সিসি ক্যামেরা থাকবে, ড্রোন থাকবে, বডি ওর্ন ক্যামেরা থাকবে, ডগ স্কোয়াডও থাকবে। আমরা এবার সবধরনের প্রস্তুতি নিয়েছি। একেকটি কেন্দ্রে অন আর্মড আনসার থাকবে। স্ট্রাইকিং ফোর্স থাকবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ড থেকে। মোবাইল টিমও থাকবে। আমাদের প্রস্তুতি অনেক ভালো, কোথাও কোনো ঘাটতি নেই।
এর আগে বুধবার বেলা সাড়ে ৩টার দিকে সিলেট নগরীর সুবিদবাজারে পি.টি.আই সম্মেলন কক্ষে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেটে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। পরিচালনা করছেন সিলেট বিভাগীয় খান মোহাম্মদ রেজা উন নবী। এই সভায় সিলেটের বিভাগীয় পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।