বর্তমান সরকার একমাস পাঁচ দিনে ৫২টি প্রকল্প বাস্তবায়ন করেছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
রবিবার (২২ মার্চ) বেলা ১১টায় বরগুনার ক্রোক এলাকায় খাল পুন:খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
এ সময় চিফ হুইপ বলেন, ‘বর্তমান সরকারের একমাস পাঁচ দিনে ৫২টি প্রকল্প বাস্তবায়ন করেছে। শুধু ফ্যামিলি কার্ড নয় আরও অনেক কিছু আমরা আপনাদের জন্য বাস্তবায়ন করব।’
তিনি বলেন, ৩২ লাখ কোটি টাকা শেখ হাসিনা বাংলাদেশ থেকে পাচার করেছে। যা দিয়ে বাংলাদেশে সাতটি বাজেট হত। সাতটি বাজেটের পরিমাণ টাকা বাংলাদেশ থেকে লুটপাট হয়েছে।’
তিনি আরও বলেন, ’প্রচুর টাকা আমাদের। এতো টাকা দিয়ে আমরা কী করব? আপনারা ট্যাক্স আর খাজনা নিয়মিত দিবেন; সেই টাকা সঞ্চিত হবে। ইনশাল্লাহ তারেক রহমানের হাত দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় উন্নয়ন হবে।’
চিফ হুইপ মনি বলেন, ‘বরগুনার সব খাল পর্যায়ক্রমে পুনঃখনন করা হবে। বিগত সরকারের আমলে বিভিন্ন খালে অপরিকল্পিত ও অপ্রশস্ত স্লুইসগেট নির্মাণ করার কারণে খালগুলোর নাব্যতা সংকট দেখা দিয়েছে। ওই স্লুইসগেট গুলো প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হবে। খালগুলো পুন:খনন করা হলে কৃষকরা এখন এক ফসলি জমিতে তিনটি ফসল ফলাতে পারবেন, যা কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি বলেন, ‘এ অঞ্চলের যুবসমাজকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে তারা স্বাবলম্বী হয়ে দেশের উন্নয়নে নেতৃত্ব দিতে পারে।’
চিফ হুইপ বলেন, ‘আমরা চাই বাংলাদেশকে স্বাবলম্বী করতে, আমরা চাই বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে। আমরা বিশ্বাস করি ইসলামিক মূল্যবোধে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানও ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী। আপনারা খেয়াল করবেন যেখানে শেখ মুজিবুরের ছবি ছিল সেখানে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ লেখা।’
খাল পুন:খনন কাজের উদ্বোধন শেষে বরগুনা সার্কিট হাউজ মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বরগুনায় একটি ইকোনমিক জোন স্থাপন করা গেলে এ অঞ্চলের আমূল পরিবর্তন সম্ভব। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, ‘বিএনপি সরকার দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে চায়, যাতে দেশের মানুষ বিদেশে কাজ করলেও দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে। দেশের সম্পদ বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হচ্ছে।’
মতবিনিময় সভায় বরগুনা প্রেসক্লাব, বরগুনা জেলা সাংবাদিক পরিষদ, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম, সাংবাদিক ইউনিয়ন ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরাম, বরগুনা রিপোটার্স ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মহিউদ্দিন অপু/সুমন/