প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৬ মার্চ) রাতে তাকে রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে আটক করা হয়।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আমরা ডিবি কার্যালয়ে নিয়ে এসেছি। কিছু বিষয়ে আমরা তার সঙ্গে কথা বলব। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
গোয়েন্দা সূত্র জানায়, শেখ মামুন খালেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছিল। এর মধ্যে ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অভিযোগ, এক-এগারো সময় তার বিতর্কিত ভূমিকা এবং জলসিঁড়ি আবাসন-সংক্রান্ত অনিয়মের বিষয়গুলো রয়েছে।
এর আগে, গত বছরের মে মাসে শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
সে সময় দুদক তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সম্পদ-সংক্রান্ত অভিযোগে অনুসন্ধানের কথা জানায়।
ডিবি কর্মকর্তারা জানান, আটকের পর শেখ মামুন খালেদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
শেখ মামুন খালেদ ২০০৭–০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলের শেষ দিকে ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক ছিলেন। পরে আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি এ পদে ছিলেন।
এ ছাড়াও তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ভিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অমিয়/