হরমুজ প্রণালী পার হতে না পারা ‘বাংলার জয়যাত্রা’ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘হরমুজ প্রণালী দিয়ে জাহাজটি পার হতে না পারার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এ নিয়ে কূটনৈতিকভাবে কাজ চলছে, যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায়।’
দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই জানিয়ে তিনি বলেন, চাহিদা অনুযায়ী পেট্রল পাম্পগুলোতে সরবরাহ করা হচ্ছে। কিন্তু একটি চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে।
নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘এর প্রমাণ হিসেবে বিভিন্ন জায়গায় হাজার হাজার লিটার ডিজেল মজুত করে রাখার ঘটনা ধরা পড়েছে। সরকার এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।’
শেখ রবিউল আলম বলেন, ‘জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। সংকট নেই। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু চ্যালেঞ্জ আছে। তারপরও সরকার সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে।’
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের কাছে হস্তান্তর প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শেখ রবিউল আলম আরও বলেন, ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট প্রতিষ্ঠালগ্ন থেকে দক্ষ নাবিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ১৯৯২ সালে অনুমোদিত ‘ডেভেলপমেন্ট অব সীম্যান্স ট্রেনিং স্কুল’ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানে সক্ষমতা অর্জন করে।
তিনি বলেন, এ প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে প্রায় সাড়ে চার হাজার প্রশিক্ষণার্থী সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছে, যার মধ্যে প্রায় চার হাজার নাবিক দেশ-বিদেশের বিভিন্ন সমুদ্রগামী জাহাজে কর্মরত রয়েছে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
এছাড়া উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারীসহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা।
অমিয়/