ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
নতুন রূপে ফিরছে ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরী মাঠ দেশব্যাপী ‘Go For Gold’ রাইডিং ক্যাম্প শুরু করল উত্তরা মোটর্স প্রযুক্তিকে কাজে লাগানো গেলে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির সমাজকর্ম দ্বিতীয় পত্র ধামরাইয়ে সরকারি টাকায় ব্যক্তিগত যাত্রী ছাউনি, উপকার হচ্ছে না যাত্রীদের উদ্ভাবনের উৎসবের পর্দা নামল মাগুরায়, জাতীয় পর্যায়ে লড়বে বিজয়ী দল বেনজীরকে দ্রুত ফেরাতে সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপ উন্মাদনায়ও রুটিন থাকুন নিয়ন্ত্রণে চট্টগ্রামে ২০০ দোকান উচ্ছেদ চিংড়ির ভিন্ন স্বাদে চীনে ক্রায়োজেনিক প্রযুক্তিতে রকেট ট্যাংক ডোমের উৎপাদনে সাফল্য বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরির সুযোগ পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু দেশে এখনও প্রযুক্তিনির্ভর কমোডিটি মার্কেট গড়ে ওঠেনি: সিইসি এমডি লালপুরে টপ সয়েল কাটায় গ্রেপ্তার ২ হোয়াইট হাউসে ট্রাম্পের ৮০তম জন্মদিন উদযাপন রয়্যাল বেঙ্গল টাইগার পাঠ থেকে ৪টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন এমপি আমির হামজা জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বড় পরিবর্তন আসছে: স্বাস্থ্যমন্ত্রী খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সেই সোহাগ মৃধা গ্রেপ্তার বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক নিশ্চিত আশ্রয় ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লবণ মাঠে অভিযান: গ্রেনেড, গুলি ও গাঁজা উদ্ধার আল্লাহর ভালোবাসা পাওয়ার চার শর্ত সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার টেকনাফে আঘাতপ্রাপ্ত মা হাতি লোকালয়ে, উদ্ধারে বন বিভাগের তৎপরতা ঝিনাইদহে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা মিরপুরে মাদরাসার সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীসহ দগ্ধ ৩ ইংল্যান্ড দলের চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার প্রাথমিক শিক্ষক বদলিতে বড় সংস্কার
Nagad desktop

সংসদ ভবনকেও লোডশেডিংয়ের আওতায় আনার প্রস্তাব

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পিএম
সংসদ ভবনকেও লোডশেডিংয়ের আওতায় আনার প্রস্তাব
ছবি: সংগৃহীত

ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং চালুর ঘোষণার প্রেক্ষিতে জাতীয় সংসদ ভবনকেও একই ব্যবস্থার আওতায় আনার প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সমতা নিশ্চিত করতে সংসদ ভবনও লোড ম্যানেজমেন্টের বাইরে থাকা উচিত নয়।

বৃহস্পতিবার( ২৩ এপ্রিল) সংসদ অধিবেশনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর বক্তব্যের পর আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন। ডা. শফিকুর রহমান বলেন, ঢাকার অন্যান্য এলাকার মতো সংসদ ভবনেও নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ বন্ধ রাখা হলে জনগণের কাছে একটি ইতিবাচক বার্তা যাবে যে সরকার বৈষম্যহীন নীতি বাস্তবায়নে আন্তরিক।

তবে এ সময় স্পিকার অধিবেশন পরিচালনায় সমস্যার বিষয়টি তুলে ধরলে বিরোধীদলীয় নেতা স্পষ্ট করেন, তিনি সংসদের অধিবেশন নয়, বরং সংসদ ভবনের অন্যান্য কার্যক্রমকে লোডশেডিংয়ের আওতায় আনার কথা বলেছেন। অধিবেশনের বাইরে ভবনে নানা প্রশাসনিক ও আনুষঙ্গিক কার্যক্রম চলে, সেগুলোর ক্ষেত্রে এই ব্যবস্থা প্রয়োগ করা যেতে পারে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সংসদ থেকেই যদি এই উদ্যোগের সূচনা হয়, তাহলে জনগণ বুঝতে পারবে যে দেশকে একটি সমতাভিত্তিক ব্যবস্থায় এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের পদক্ষেপে সরকারের প্রতি জনআস্থা বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

এলিস/এসএন

প্রযুক্তিকে কাজে লাগানো গেলে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৪:৫৬ পিএম
প্রযুক্তিকে কাজে লাগানো গেলে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: খবরের কাগজ

প্রযুক্তিকে কাজে লাগানো গেলে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, আমরা একটি আলাদা ল্যান্ডফিলের ব্যবস্থা করছি। সেখানে শিল্প-কারখানা ও পৌরসভার বর্জ্য ফেলা হবে। বর্তমানে অনেক বিদেশি প্রতিষ্ঠান বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈব সার ও গ্যাস উৎপাদনের প্রযুক্তি নিয়ে কাজ করছে। তাই প্রযুক্তিকে কাজে লাগানো গেলে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে।

রবিবার (১৪ জুন) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাকান্দাইল গোলচত্বর, ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কের পাশের ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষ রোপণ শেষে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ঈদের ছুটিতে এখানে ময়লা ফেলা হয়েছে। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ায় আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। গত দুই দিন ধরে ময়লা অপসারণের কাজ চলছে। ভবিষ্যতে যেন আর কোনোভাবেই মহাসড়কের পাশে ময়লা ফেলা না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মারজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হূমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ আরও অনেকে।

রুবেল/নাঈম

বেনজীরকে দ্রুত ফেরাতে সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৪:৩১ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৪:৪৫ পিএম
বেনজীরকে দ্রুত ফেরাতে সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

দুর্নীতি ও অর্থ পাচারের মামলায় অভিযুক্ত বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে।

 রবিবার (১৪ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

সংসদে দেয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ ও ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি থেকে পাঠানো একটি ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে এই গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। বেনজীর আহমেদ বর্তমানে সেখানে পুলিশি হেফাজতে আটক আছেন।

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) আবেদন করতে হবে। সরকার ইতোমধ্যে এ সংক্রান্ত কার্যক্রম শুরু করেছে।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুদকের মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সট্রাডিশন প্রপোজাল অনুমোদন করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা ইউএই কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে। আবুধাবির সঙ্গে সমন্বয় করে অতি দ্রুতই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।

অভিযোগের বিষয়ে মন্ত্রী জানান, বেনজির আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩-এর ১১ ধারায় মামলা বিচারাধীন রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বেনজীর আহমেদকে গ্রেপ্তারের জন্য পুলিশ ইন্টারপোলের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছে। যার পরিপ্রেক্ষিতে গত ১১ এপ্রিল ২০২৫ তারিখে ইন্টারপোলে আবেদন পাঠানো হয়েছিল। পরে আমরা এটি মনিটর করেছি। ইন্টারপোল ২০২৫/২৩৯ নম্বর ফাইল ও ৫৭৪ অব ২০২৫ কন্ট্রোল নম্বরের মাধ্যমে বেনজির আহমেদের প্রতি রেড নোটিশ জারি করে। এ রেড নোটিশের মাধ্যমে ইন্টারপোল কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গ্রেপ্তারের জন্য অনুরোধ করা হয়।<p>

এটিকে বাংলাদেশ পুলিশের একটি ‘ঐতিহাসিক সাফল্য’ হিসেবে অভিহিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব। এই ঘটনা প্রমাণ করে, অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় একটি মাইলফলক হয়ে থাকবে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ মে বেনজীর আহমেদ দেশ ছেড়েছেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সূত্রে জানা যায়। তবে, সেদিন তিনি কোন দেশে গিয়েছিলেন সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। এরপর থেকে লোকচক্ষুর আড়ালে রয়েছেন সাবেক এ আইজিপি।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র‌্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র‍্যাবের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ওই সময় র‌্যাবের দায়িত্বে থাকা কর্মকর্তাদের পাশাপাশি এই বাহিনীর সাবেক কর্মকর্তারাও নিষেধাজ্ঞার আওতায় ছিলেন। যার মধ্যে বেনজীর আহমেদের নামও ছিল। যুক্তরাষ্ট্র যখন নিষেধাজ্ঞা দেয়, তখন আইজিপির দায়িত্বে ছিলেন বেনজীর আহমেদ।

এসএন/

জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বড় পরিবর্তন আসছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:২৭ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৩:৩৯ পিএম
জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বড় পরিবর্তন আসছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যখাতে বড় পরিবর্তনের ঘোষণা দিয়ে নারায়ণগঞ্জে বক্তব্য রাখছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: ছবি খবরের কাগজ

জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার স্বাস্থ্য খাতে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি জানান, বিশেষ করে নারীদের উন্নয়ন চিকিৎসায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণসহ অত্যাধুনিক অ্যাম্বুলেন্স ও জরুরি রোগী পরিবহনে   হেলিকপ্টার ব্যবস্থাপনা সংযুক্ত করা হচ্ছে।

রবিবার (১৪ জুন) দুপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে নারায়ণগঞ্জের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল থেকে ১০টি জেলার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধনী অনুষ্ঠানে নিয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তিনি জানান, সরকার হাম মোকাবেলা দেশে টিকা সংগ্রহ ও সরবরাহ করা হয়েছে৷ ডেঙ্গু রোগীদের জন্য ইতোমধ্যে মোবাইল হাসপাতালে প্রস্তুতও রয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, এ পরিকল্পনার আওতায় সারা দেশে ২০টি হাসপাতাল হবে। এর মধ্যে নারীদের জন্য দুটি দেড় হাজার শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। বাকি ১৮টি হাসপাতাল হবে এক হাজার শয্যার। এসব হাসপাতালে কিডনি ডায়ালাইসিস, স্তন ও জরায়ু ক্যান্সার চিকিৎসা, পঙ্গুত্ব পুনর্বাসন, মাতৃসেবা ও সাধারণ চিকিৎসার সুবিধা থাকবে।

তিনি জানান, প্রতিটি হাসপাতালে অত্যাধুনিক পাঁচটি করে অ্যাম্বুলেন্স দেওয়া হবে এবং জরুরি রোগী পরিবহনের জন্য চারটি হেলিকপ্টার সংযুক্ত করা হবে। এছাড়া ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ৮০ হাজার হবেন নারী।

তারা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা, স্ক্রিনিং এবং প্রাথমিক চিকিৎসাসেবা দেবেন। সরকারের লক্ষ্য হলো মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ প্রশাসনের কর্মকর্তারা।

বিল্লাল হোসাইন/আজহার

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০২:৫৮ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৪:২১ পিএম
সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার
বেনজীর আহমেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ গ্রেপ্তার হয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

রবিবার (১৪ জুন) পুলিশ সদর দপ্তরের ঊধ্বর্তন এক কর্মকর্তা দুপুরে গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা বলেন, দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। গত ১২ জুন তারা একটি চিঠি দিয়ে এ তথ্য জানিয়েছে।

জানা যায়, বেনজীর আহমেদ ও তার স্ত্রীসহ পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২০২৪ সালের ডিসেম্বরে পৃথক চারটি মামলা করে।এসব মামলায় ৭৪ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। পরে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজীর আহমেদকে গ্রেপ্তারের জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা- ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দেন আদালত।

দুদক সূত্রে জানা গেছে,  ২০২৬ সালের ৮ মার্চ ঢাকার একটি আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন । এ সময় তাকে বিদেশে অবস্থানরত উল্লেখ করে ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা কার্যকরের নির্দেশ দেওয়া হয় । এরই প্রেক্ষিতে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ বেনজীরকে গ্রেপ্তার করে।

প্রতিবেদন অনুযায়ী, বেশ কিছুদিন ধরে বেনজীর আহমেদ বিদেশে অবস্থান করছিলেন। গত বছরের ৪ মে তিনি তার স্ত্রী ও মেয়েদের নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন । এরপর থেকে তিনি বিভিন্ন দেশে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছিল। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায়ও সম্পদ খোঁজার প্রক্রিয়া চলছিল ।

বর্তমানে বেনজীর আহমেদ দুবাই পুলিশের হেফাজতে আছেন। তাকে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করবে দুদক।

উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিলে আইজিপির দায়িত্ব পান। ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তাকে যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয় ।

অন্তরা/

প্রাথমিক শিক্ষক বদলিতে বড় সংস্কার

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০২:১৪ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০২:৪৫ পিএম
প্রাথমিক শিক্ষক বদলিতে বড় সংস্কার
ছবি: খবরের কাগজ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি বাণিজ্য ও সিন্ডিকেট রুখতে বড় ধরনের সংস্কার এনেছে সরকার। এখন থেকে ঢাকায় বসে নয়, শিক্ষক বদলির সিদ্ধান্ত হবে স্থানীয় পর্যায়ে গঠিত পৃথক কমিটির মাধ্যমে। আর এই প্রক্রিয়ার নেতৃত্বে থাকবেন জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)।

রবিবার (১৪ জুন) রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এই নতুন বিকেন্দ্রীভূত ব্যবস্থার কথা জানান।

শিক্ষা খাত বিশ্লেষণবিষয়ক এই কর্মশালার আয়োজন করে আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলো। প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, অতীতে শিক্ষক বদলি একটি বড় ধরনের সিন্ডিকেট ও দুর্নীতির ক্ষেত্র হিসেবে পরিচিত ছিল। এটি শিক্ষার গুণগত মান উন্নয়নের পথে অন্যতম প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল। শিক্ষকদের এই ভোগান্তি কমাতে এবং বদলি প্রক্রিয়াকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে এই বড় সংস্কার করা হয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, উপজেলা, জেলা, বিভাগ ও সিটি কর্পোরেশন পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটিগুলো নির্দিষ্ট সময় পরপর বৈঠক করে বদলির আবেদনগুলো যাচাই-বাছাই করবে।

বদলি হবে যেভাবে

উপজেলা পর্যায়:

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নেতৃত্বে ৪ সদস্যের কমিটি আবেদন যাচাই-বাছাই করবে। এরপর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বদলির আদেশ জারি করবেন।

জেলা, বিভাগ ও সিটি কর্পোরেশন:

এই পর্যায়গুলোতে ৫ থেকে ৬ সদস্যের কমিটি থাকবে। সিটি কর্পোরেশন, বিভাগ ও জেলা পর্যায়ের কমিটিতে যথাক্রমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক (ডিসি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বদলির আদেশ জারি করবে।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এই বদলি প্রক্রিয়াকে স্থানীয় পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, যাতে শিক্ষকদের হয়রানি বন্ধ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি তার বক্তব্যে মাধ্যমিক, উচ্চশিক্ষা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা নিয়ে সরকারের নেওয়া বিভিন্ন বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন।

কর্মশালায় শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অধিদপ্তর এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

জয়ন্ত সাহা/আমান