মহান মে দিবস আজ (১ মে)। শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে প্রতিবছর এই দিনটি বিশ্বব্যাপী মহান মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ বছর ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’–এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুক্রবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশে ‘মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬’ পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি বাণীতে বলেছেন, ‘মে দিবস বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার এক গৌরবোজ্জ্বল দিন। ১৮৮৬ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করে যে ইতিহাস সৃষ্টি করেছিলেন, তাদের সেই আত্মত্যাগ শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠায় আজও আমাদের প্রেরণা ও শক্তি জোগায়।’
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেছেন, ‘শ্রমজীবী-কর্মজীবী মানুষই যেকোনো দেশের উন্নয়ন, সমৃদ্ধি আর অগ্রযাত্রার প্রধান অবলম্বন। শ্রমিকের নিরলস পরিশ্রমেই গড়ে ওঠে শিল্প, কৃষি, অবকাঠামো ও সমৃদ্ধ অর্থনীতি। সুতরাং তাদের জীবনমান উন্নয়ন, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধানতম অঙ্গীকার। আমি মনে করি, শ্রমবান্ধব নীতি, কর্মসংস্থান সম্প্রসারণ এবং কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে শ্রমজীবী মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করা সম্ভব।’
এদিকে আজ মহান মে দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সরকার। এর মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে সকাল সাড়ে ৭টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পর্যন্ত একটি র্যালি অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৫টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা হবে। এতে প্রধান অতিধি থাকবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ ছাড়া মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকায় শ্রমিক সমাবেশের আয়োজন করেছে। তা ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করবে।
১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। আন্দোলন দমনে পুলিশের গুলিতে বহু শ্রমিক নিহত হন। সেই রক্তঝরা সংগ্রামের স্মরণে ১৮৮৯ সালে সেকেন্ড ইন্টারন্যাশনাল ১ মে-কে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়।