উত্তরের চরাঞ্চল ও হাওর এলাকায় বাড়তে থাকা বজ্রপাতের ঘটনায় প্রাণহানি কমাতে কৃষকদের জন্য আশ্রয়স্থল নির্মাণ এবং বজ্র নিরোধক দণ্ড স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
রবিবার (১০ মে) দুপুরে কুড়িগ্রামের সদর উপজেলার হলোখানা ইউনিয়নের দাসেরহাট ছড়া এলাকায় এসি ল্যান্ড সংযোগ খাল পুনঃখননকাজের উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।
একই সঙ্গে নদী ভাঙনপ্রবণ কুড়িগ্রামে তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি ধরলা নদীর ভাঙন রোধেও দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।
আসাদুল হাবিব দুলু বলেন, উত্তরাঞ্চলের চর ও হাওর এলাকায় সাম্প্রতিক সময়ে বজ্রপাতের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে কৃষকসহ সাধারণ মানুষের প্রাণহানি ঘটছে। এ পরিস্থিতি মোকাবিলায় ঝুঁকিপূর্ণ এলাকায় আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং বজ্র নিরোধক দণ্ড স্থাপনের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, কুড়িগ্রাম একটি নদীভাঙনপ্রবণ জেলা। দীর্ঘদিন ধরে ধরলা ও তিস্তা নদীর ভাঙনে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সমস্যা নিরসনে তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি ধরলা নদীর ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রাশেদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব।
এ ছাড়া কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, জেলা ত্রাণ কর্মকর্তা বেনজির রহমান, হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরে বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। প্রেসক্লাবের সভাপতি সফি খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির নেতারা ও স্থানীয় সাংবাদিকরা বক্তব্য দেন।