প্রবাসীদের কল্যাণে বিশেষ সুযোগ-সুবিধাসম্পন্ন প্রবাসী কার্ড আগামী ২ মাসের মধ্যে প্রদান করা হবে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন।
তিনি বলেন, ‘সিলেটের উন্নয়ন ও বিশ্বায়নে প্রবাসীদের রেমিট্যান্স এবং বিনিয়োগের ভূয়সী প্রশংসা করে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।’
শনিবার (১৬ মে) সিলেটের একটি হোটেলের কনফারেন্স হলে ‘গ্লোবালাইজিং সিলেট’ শীর্ষক একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
প্রবাসীদের বিনিয়োগ নিরাপদ ও সহজ করতে সরকার বিশেষ আবাসন ও বিনিয়োগ সহায়তা প্রকল্প হাতে নিয়েছে জানিয়ে মন্ত্রী আরিফুল হক বলেন, ‘আমাদের দেশে জমি কমে যাচ্ছে। তাই ভবিষ্যতে প্লটভিত্তিক প্রকল্পের বদলে অ্যাপার্টমেন্টভিত্তিক বিভিন্ন নাগরিক সুযোগ-সুবিধাসম্পন্ন আধুনিক আবাসন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, সেখানে শুধু প্রবাসীরাই বরাদ্দ পাবেন এবং প্রবাসীদের জন্য অ্যাপার্টমেন্টভিত্তিক এই আধুনিক আবাসন প্রকল্প সিলেট থেকেই শুরু হতে পারে।’
মন্ত্রী আরও বলেন, ‘প্রবাসীদের নতুন প্রজন্মকে দেশের সঙ্গে সম্পৃক্ত রাখতেই এ ধরনের উদ্যোগ প্রয়োজন। আমাদের পরবর্তী প্রজন্ম যেন মাতৃভূমিকে ভুলে না যায়, সেই পরিবেশ তৈরি করতে হবে। তারা দেশে এলে বিনিয়োগও করবে, পারিবারিক বন্ধনও শক্ত হবে।’
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়ন ও সেবাবৃদ্ধি প্রসঙ্গে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘বিমানবন্দরে প্রবাসীদের জন্য আলাদা লাউঞ্জ নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এছাড়া ইমিগ্রেশন এলাকায় চিকিৎসাসেবা নিশ্চিত করতে ডাক্তার, নার্স ও মেডিকেল সুবিধাসহ একটি মেডিকেল ইউনিট চালুর কাজ চলছে। গুরুতর অসুস্থ প্রবাসীদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য বিমানবন্দরে স্থায়ী অ্যাম্বুলেন্স রাখা হবে। একই সঙ্গে বিদেশে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে এনে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাও সরকার চালু করেছে।’
সেমিনারে অন্যান্যদের মধ্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী উপস্থিত ছিলেন।
উজ্জল মেহেদী/রিফাত/