নতুন বাংলাদেশ গঠনে অস্থিতিশীলতা রুখতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশে একটি পক্ষ পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, নতুন বাংলাদেশ গঠনের এই সময়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে, যাতে কোনো ষড়যন্ত্রকারী গোষ্ঠী দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে।
বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে রুহিয়া উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন, ‘ আমরা আপনাদের কাছে আবেদন জানাই, তারা যেন কোনোভাবেই সেই সুযোগ না পায়। তারেক রহমানের নেতৃত্বে যখন আমরা নতুন করে দেশ গড়ার কাজ শুরু করেছি, তখন যেন আমরা বিভ্রান্ত না হই। সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।’
তিনি বলেন, ‘জনগণের কাছে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নের জন্য আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। দেশের মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন চায় এবং সেই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।’
নারী সমাজের ভূমিকার কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘রুহিয়ার নারীরা অত্যন্ত সংগঠিত। তাদের প্রতি আমাদের আহ্বান, তারা যেন আরও ঐক্যবদ্ধ হয়ে নিজেদের ক্ষমতায়ন নিশ্চিত করেন এবং সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।’
তরুণ সমাজের উদ্দেশে তিনি বলেন, ‘আজ খুব কষ্ট হয়, যখন দেখি আমাদের অনেক তরুণ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়। এ থেকে আমাদের মুক্ত হতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তুলে তরুণদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে এবং তাদের সুস্থ ও সৃজনশীল পথে এগিয়ে নিতে হবে।’
সম্প্রতি রুহিয়াকে উপজেলা হিসেবে ঘোষণার পর এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন হওয়ায় স্থানীয় জনগণ ও বিএনপির নেতা-কর্মীদের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই গণসংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা রুহিয়াকে উপজেলা হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগকে এলাকার উন্নয়ন ও প্রশাসনিক সেবার প্রসারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, যুগ্ম সম্পাদক আনসারুল হক, সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোহাম্মদ মাহেবুল্লাহ আবু নুর, মতিউর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপন। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। গণসংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
নবীন/রিফাত/