দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়া দল যেন বাংলাদেশে আর ফেরত না আসতে পারে সেজন্য দেশবাসীকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।
তিনি বলেন, স্বৈরাচার মাফিয়া শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। এর সংষ্কার করা প্রকৃতপক্ষে একটি কঠিন কাজ। এই কঠিন কাজটি বাস্তবায়নে যদি জনগণ সমর্থন দেয় তাহলে আগামী দিনে বিএনপিকেই করতে হবে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ‘জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-২৫’ উপলক্ষে ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে ও উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানে উপদেষ্টা ড. মাহদী আমিন, সাবেক ফুটবলার সৈয়দ রুম্মান বিন অয়ালি সাব্বির, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ক্রীড়া ও সাংস্কৃতিক সেলের প্রধান সমন্বয়ক আকতার হোসেন।
মেজর হাফিজ বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচারের দুঃশাসনের জন্য আজকে তাদের যে কঠিন পরিণতি হয়েছে। তাদের শাস্তি আল্লাহর তরফ থেকে এসেছে; গজব পড়েছে তাদের ওপর।
তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে কাজী সালাউদ্দিন আহমেদ জাতীয় ফুটবল দলকে ধ্বংস করে দিয়েছে। তবে বিএনপি আগামী দিনে ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক জগতে সুবাতাস বইবে এটাই প্রমাণ করবে। যার সূচনা হচ্ছে এই ধরনের ক্রীড়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
সভাপতির বক্তব্যে আমিনুল হক বলেন, দীর্ঘ ১৭ বছরের পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার যেভাবে দেশের প্রত্যকটি সেক্টরে দলীয়করণ করেছে, দেশের ক্রীড়াঙ্গন এর থেকে মুক্ত ছিল না। শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন আজ তলানিতে চলে গেছে। কিন্তু শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশের দায়িত্বে ছিলেন তখন ক্রীড়াঙ্গনে কোনো দলীয় ও রাজনীতিকরণ ছিল না।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ বি এম এ রাজ্জাক (দপ্তর), মো. আক্তার হোসেন, আতাউর রহমান চেয়ারম্যান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, তুহিরুল ইসলাম তুহিন, এম কফিল উদ্দিন আহমেদ, আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ, শাহ আলম, মাহাবুবুল আলম মন্টু, মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, আলী আকবর আলী, মোজাম্মেল হোসেন সেলিমসহ মহানগরের বিভিন্ন থানার নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-২৫ উপলক্ষে ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। ঢাকা মহানগর উত্তরের ২৬টি থানাকে ৮টি গ্রুপে বিভক্ত করে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ ঢাকার মাঠে হবে।
শফিকুল ইসলাম/মাহফুজ/এমএ/