ঢাকার সাভারে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের দুই দিন পর ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) ও মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- সিরাজগঞ্জের কাজিপুর থানার চিলগাছি গ্রামের মো. ইয়াছিনের ছেলে ইব্রাহিম (১৮), এনায়েতপুর থানার এনায়েতপুর
গ্রামের সেলিম খানের ছেলে নাজমুল খান (১৮), আশুলিয়া ভাদাইল পূর্বপাড়া এলাকার মোহাম্মদ আলী হোসেনের ছেলে মো. ইব্রাহিম (১৮), আশুলিয়ার ভাদাইলের পবনারটেক এলাকার মানে হুসাইনের ছেলে আব্দুল্লাহ নয়ন (১৮), পবনারটেক উত্তপাড়া এলাকার মানিক হোসাইনের ছেলে আব্দুল্লাহ নয়ন (১৮), ময়মনসিংহের গৌরীপুর থানার পুলর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন রনি (১৮) ও গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার ধর্মপুর গ্রামের সোহরাব মিয়ার ছেলে তুষার মিয়া (১৮)।
জানা গেছে, গত ২৬ এপ্রিল নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর এলাকায় ১০জন ব্যক্তি আওয়ামী লীগের ঝটিকা মিছিল বের করেন। পরদিন মিছিলের ৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, দুই ব্যক্তি ঝটিকা মিছিলের সামনে মোবাইল ফোন দিয়ে ভিডিও করছেন এবং আওয়ামী লীগের ব্যানার চারজন ধরে স্লোগান দিচ্ছিলেন, তাদের পিছনে আরও চারজনকে দেখতে পাওয়া যায়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে সড়কে মিছিল করে কয়েকজন ব্যক্তি। পরে তাদের চিহ্নিত করে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে আসামিদের ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে।
ইমতিয়াজ/মেহেদী/