রাজধানী মধ্যবাড্ডা এলাকায় কামরুল আহসান সাধন নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
রবিবার (২৫ মে) রাত সাড়ে ১১টার মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কামরুল গুলশান থানা বিএনপির যুগ্ম-সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্বজনরা জানান, রবিবার রাতে গুলশান-১ ও মধ্যবাড্ডার লিংক রোডে গুদারা ঘাট এলাকায় একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন কামরুল। সেখানে বিএনপি নেতা কাইয়ুম কমিশনারের ভাগ্নেসহ আরও কয়েকজন মিলে একসঙ্গে বসে ছিলেন সাধন। হঠাৎ দুই দুর্বৃত্ত কামরুলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। এর পর সন্ত্রাসীরা ফাঁকা গুলি করে পালিয়ে যায়। তাদের দুজনই মাস্ক পরিহিত ছিল।
পরে রক্তাক্ত অবস্থায় কামরুলকে উদ্ধার করে শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কামরুলের বুকের ডানে-বামে, পিঠে, ও ঘাড়ে গুলি লাগে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রাতে গুদারাঘাট এলাকার ৪ নম্বর গলিতে ওই হত্যাকাণ্ড ঘটে। নিহত কামরুল বিএনপির রাজনীতি করার পাশাপাশি ডিশ ব্যবসা করতেন। তবে কে বা কারা খুন করেছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।
আলমগীর/অমিয়/