নির্বাচন নিয়ে কোনো যড়যন্ত্র জনগণ বরদাশত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, ‘কয়েকটি দল নির্বাচন নিয়ে কৌশলের নামে নির্বাচন বিলম্বিত করতে নিত্যনতুন নন ইস্যুকে ইস্যু বানাতে তৎপর। নির্বাচন নিয়ে কোনো যড়যন্ত্র জনগণ বরদাশত করবে না। যারা জনগণকে ভয় পায় তারাই নির্বাচন নিয়ে যড়যন্ত্র করছে।’
শনিবার (৫ জুলাই) রাতে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের একটি হোটেলে বিএনপির নেতা-কর্মীদের সদস্য নবায়ন ও নতুন প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
প্রিন্স বলেন, ‘বিএনপি যেনতেন বা পাতানো নয়, জনগনের ভোটে প্রতিদ্বন্দ্বিতামূলক উৎসবমুখর নিরপেক্ষ নির্বাচনে চায়। যারা সিটের জন্য অন্য দলের মুখাপেক্ষি, তাদের মুখে পাতানো নির্বাচনের আশঙ্কা শোভা পায় না।’
দলীয় নেতা-কর্মীদের প্রতি এলাকার সব শ্রেণির মানুষকে বিএনপির সদস্য করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, তবে আওয়ামী লীগের দোসর ও সমাজবিরোধী কাউকে দলে সম্পৃক্ত করা যাবে না। সতর্কতার সঙ্গে সদস্য নবায়ন ও নতুন অন্তর্ভুক্তির কার্যক্রম পরিচালনার পাশাপাশি ঘরে ঘরে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের প্রচারণা ও তারেক রহমানের ৩১ দফা ও ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, বেকার ভাতা, সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখাসহ জনকল্যাণমূলক কর্মসূচি প্রচার করতে হবে।
এমরান সালেহ প্রিন্স বিএনপির বিরুদ্ধে মহল বিশেষের অপপ্রচারের বিষয়ে উল্লেখ করে বলেন, তাদের অপপ্রচারে জনসাধারণ যেন বিভ্রান্ত না হয়, সেদিকে দলের কর্মীদের দৃষ্টি রাখতে হবে।
এ সময় পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে ও সদস্যসচিব আবদুল আজিজ খানের সঞ্চালনায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কামরুজ্জামান মিন্টু/অমিয়/