বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এ পদক্ষেপকে হৃদয়বিদারক উল্লেখ করে বলেছেন, এতে ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্রপ্রতিষ্ঠা কার্যত অসম্ভব হয়ে উঠবে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) ২০২৫ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তারেক রহমান এ কথা বলেন।
ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশিরা সব সময় ফিলিস্তিনি জনগণের ওপর ঔপনিবেশিক সহিংস দমন-পীড়ন ও নিশ্চিহ্ন করার প্রচেষ্টার বিরুদ্ধে সংহতি প্রকাশ করে আসছেন।
তিনি বেনিয়ামিন নেতানিয়াহুর অব্যাহত বর্ণবাদ এবং ফিলিস্তিন জনগণ, তাদের সংস্কৃতি, তাদের ভূমি, তাদের ইতিহাসের ওপর আগ্রাসনকে কোনোভাবেই গণহত্যা এবং ফিলিস্তিনিদের পরিকল্পিত জাতিগত নির্মূলের চেয়ে কম কিছু নয় বলে বর্ণনা করেন এবং এই পরিস্থিতিকে ‘ঘৃণ্য’ বলে অভিহিত করেন।
তারেক রহমান মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বসবাস ও কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, বর্তমান ইসরায়েলি সরকারের কর্মকাণ্ড গোটা অঞ্চলকে রসাতলে ঠেলে দিচ্ছে।
বিবৃতিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েল সরকারের বসতি স্থাপন পরিকল্পনার বিরুদ্ধে নিন্দা ও চাপ প্রয়োগের আহ্বান জানান। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক বিচার আদালতকে আহ্বান জানান, তারা যাতে দেরি না করে গাজায় ইসরায়েলি সরকারের স্পষ্ট গণহত্যার বিষয়ে রায় দেয়। কেননা, তার মতে ফিলিস্তিনিরা অনেক ভোগান্তির শিকার হচ্ছেন। সূত্র: বাসস