কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আরেক মনোনয়ন প্রত্যাশীর অনুসারীরা।
বুধবার (১০ ডিসেম্বর) আসনের তিতাস উপজেলার বাতাকান্দিস্থ গৌরীপুর-হোমনা সড়কে এ বিক্ষোভ মিছিল করেন মনোনয়নপ্রত্যাশী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ও সাবেক সচিব ইঞ্জিনিয়ার এম এ মতিন খানের অনুসারীরা।
মিছিলটি উপজেলার বাতাকান্দি বাজারের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে শুরু হয়ে বাতাকান্দি বাজার ও গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ করে টেগুরিয়া পাড়া গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লার সভাপতিত্বে ও কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির হোসেন ভূঁইয়া এবং বলরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
সমাবেশে বিএনপি ঘোষিত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে পরিবর্তনের দাবি জানিয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, কুমিল্লা-২ আসনে জনগণের প্রার্থী ইঞ্জিনিয়ার মতিন খানকে বঞ্চিত করে বহিরাগতকে মনোনয়ন দেওয়ায় তৃণমূলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছেন।
অবিলম্বে ঘোষিত প্রাথমিক মনোনয়ন পরিবর্তন করে ইঞ্জিনিয়ার মতিন খানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের হাইকমান্ডের প্রতি জোর দাবি জানান তারা।
লিটন সরকার/অমিয়/