স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, ওসমান হাদির জন্য আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তার মাথায় আঘাত করা বুলেটটি ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে। এ অবস্থায় নতুন কোনো ধরনের ইন্টারভেনশন করা হবে না।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন হাদির শারীরিক অবস্থা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘হাদি এখন ‘খুবই ক্রিটিক্যাল’ অবস্থায় আছেন এবং আগামী ৭২ ঘণ্টা তার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। আপাতত তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে, চিকিৎসকরা এখনও আশার কোনো নিশ্চয়তা দিতে পারেননি।’
তিনি জানান, বুলেট তার বাম কানের ওপর দিয়ে মাথায় ঢুকে করে ডান দিক দিয়ে বেরিয়ে গেছে। এ গতিপথে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে, যা জীবনরক্ষাকারী কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এটা আমরা ম্যাসিভ ব্রেন ইনজুরি হিসেবে বিবেচনা করছি। এখন কোনো ধরনের ইন্টারভেনশন সম্ভব না। রোগীকে কেবল লাইফ সাপোর্টে ধরে রাখার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, রোগীকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। আশার কথা হলো, রোগীর শরীরে এখনও সাইন অব লাইফ আছে। অপারেশনের সময়ও তার শ্বাস নেওয়ার কিছু প্রচেষ্টা দেখা গিয়েছিল। তবে পথটা সহজ নয়।
তিনি বলেন, ‘হাদি অস্ত্রোপচারের আগেই একবার শকে চলে গিয়েছিলেন। পরে অ্যাম্বুলেন্সে স্থানান্তরের সময় তার নাক ও গলা দিয়ে প্রবল রক্তক্ষরণ শুরু হয়। যদিও আপাতত সেটি নিয়ন্ত্রণে আছে। এখনই কোনো আশার গল্প শোনানোর মতো পরিস্থিতি নেই। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
নাঈম/