আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’ এবং জাতীয় নির্বাচনে ১১ দল বিজয়ী করার আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশে ছাত্র-জনতা ও শ্রমিক-মজদুর এক হয়েছে। বিএনপি বলতে চায় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। সেদিন বেশি দূরে নয়, যখন বিএনপিকে বলতে হবে জাতীয় নির্বাচনের ফলাফল স্থানীয় নির্বাচনে পড়বে না। এরপর তারা বলবে স্থানীয় সরকার নির্বাচনের ফলাফল আগামী ছাত্র সংসদ নির্বাচনে পড়বে না। এটা অনেকটা ‘ঈদের পরে আন্দোলন’-এর মতো একটি তালবাহানা।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাগপা ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, “বিএনপি বলে ‘উই হ্যাভ অ্যা প্ল্যান’ (আমাদের পরিকল্পনা আছে); আমরা বলি সর্বোত্তম পরিকল্পনাকারী মহান রাব্বুল আলামীন আল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ভারতীয় আধিপত্যবাদমুক্ত, ইসলাম, কুরআন, মানবিকতা ও সাম্যের বাংলাদেশ। এটা আমাদের প্রচেষ্টা, কবুলের মালিক আল্লাহ।”
জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল, ঢাকা মহানগর জাগপা সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি খাইরুল ইসলাম মারজান, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ সভাপতি আমীর জিহাদী, খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি আবু দারদা সুজন, জুলাই ফোর্স আহ্বায়ক মোশাররফ হোসেন প্রমুখ।
শফিকুল ইসলাম/এসএন