বর্তমান যুগে মানসিক চাপ ও দুশ্চিন্তা যেন মানুষের নিত্যসঙ্গী। কর্মব্যস্ততা, অনিশ্চয়তা ও পারিবারিক টানাপোড়েনে মানুষ অস্থির হয়ে পড়েছে। এমন কোনো ঘর নেই, এমন কোনো সংসার নেই যেখানে হতাশা, মানসিক চাপ ও দুশ্চিন্তা নেই। অথচ ইসলাম ধর্মে এমন একটি ইবাদত রয়েছে, যা একই সঙ্গে আত্মিক প্রশান্তি ও মানসিক স্থিরতা এনে দেয়—তা হলো রোজা। কোরআন, হাদিস ও আধুনিক স্বাস্থ্যবিজ্ঞানের আলোচনায় দেখা যায়, রোজা মানসিক চাপ কমানোর একটি পূর্ণাঙ্গ ও কার্যকর পদ্ধতি।
আল্লাহতায়ালা বলেন, হে ঈমানদাররা! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে… যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। (সুরা বাকারা, ১৮৩)
তাকওয়া মানে আত্মসংযম ও আল্লাহভীতি। যখন মানুষ দীর্ঘ সময় খাদ্য, পানীয় ও প্রবৃত্তির ওপর নিয়ন্ত্রণ স্থাপন করে, তখন তার ভেতরে আত্মনিয়ন্ত্রণের শক্তি তৈরি হয়। এই আত্মনিয়ন্ত্রণই মানসিক চাপ মোকাবিলার অন্যতম মূল উপাদান।
আরও এরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরগুলো প্রশান্তি লাভ করে। (সুরা রাদ, ২৮)
রোজা কেবল না খাওয়ার নাম নয়; এটি কোরআন তিলাওয়াত, দোয়া, জিকির ও নামাজের মাধ্যমে আল্লাহর স্মরণে (ইবাদতে) ডুবে থাকার একটি বিশেষ সময়। ফলে অন্তরে গভীর প্রশান্তি নেমে আসে—যা দুশ্চিন্তার ভারকে হালকা করে, প্রশান্তিতে ছেয়ে যায় অন্তর।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, রোজা ঢালস্বরূপ। (বুখারি, ১৯০৪; মুসলিম, ১১৫১)। ঢাল যেমন আঘাত থেকে রক্ষা করে, তেমনি রোজা মানুষকে রাগ, অস্থিরতা ও কুপ্রবৃত্তি থেকে রক্ষা করে—যা মানসিক চাপ কমানোর মৌলিক উপায়।
আধুনিক স্বাস্থ্যবিজ্ঞানও এ সত্যকে সমর্থন করে। ফাস্টিং ইন মুড ডিজঅর্ডারস: নিউরোবায়োলজি অ্যান্ড ইফেক্টিভনেস; পোটেনশিয়াল বেনিফিটস অ্যান্ড হার্মস অব ইন্টারমিটেন্ট এনার্জি রেস্ট্রিকশন অ্যান্ড ইন্টারমিটেন্ট ফাস্টিং অ্যামংস্ট ওবিজ, ওভারওয়েট অ্যান্ড নরমাল ওয়েট সাবজেক্টস এবং ইফেক্ট অব রমাদান ফাস্টিং অন কর্টিসল অ্যান্ড ব্রেইন-ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর (বিডিএনএফ) শিরোনামের গবেষণায় দেখা গেছে, ইন্টারমিটেন্ট ফাস্টিং মানসিক সুস্থতায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং মুড উন্নত করতে সহায়ক। এছাড়া ইন্টারমিটেন্ট ফাস্টিং ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি মানসিক সুস্থতায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
রমজানের রোজা কর্টিসল (স্ট্রেস হরমোন) ও মস্তিষ্কের উপকারী উপাদানের ভারসাম্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, যা মানসিক স্থিরতায় সহায়ক।
দীর্ঘমেয়াদি উপবাস এন্ডরফিনের কার্যকারিতা বাড়াতে পারে, যা মন ভালো রাখা ও প্রশান্তি সৃষ্টিতে ভূমিকা রাখে।
মনোবিজ্ঞান গবেষণায় দেখা যায়, আত্মনিয়ন্ত্রণ ও সচেতন মনোযোগ (মাইন্ডফুলনেস) চর্চা স্ট্রেস কমাতে কার্যকর। রোজা আত্মসংযম ও সচেতনতার এমনই একটি ধারাবাহিক অনুশীলন।
আজ আমরা অস্থিরতা, হতাশা আর মানসিক চাপে ভেঙে পড়ছি। সামান্য দুশ্চিন্তাতেই ঘুম হারাম হয়ে যায়, হৃদয় ভারী হয়ে ওঠে। অথচ আমরা কি একবার ভেবে দেখেছি—আমাদের রব আমাদের জন্য এমন এক ইবাদত দিয়েছেন, যা প্রশান্তির বারিধারায় অন্তর থেক হতাশা, দুশ্চিন্তা ও মানসিক চাপকে ধুয়ে-মুছে পরিষ্কার করে দেয়!
রোজা শুধু পেটের ক্ষুধা নয়, এটি আত্মা পরিশুদ্ধির পাথেয়। এটি মনকে শেখায় ধৈর্য, হৃদয়কে শেখায় ভরসা, আর চিন্তাকে দেয় আল্লাহর ওপর নির্ভরতার শক্তি। তাই হতাশায় ডুবে যাওয়ার আগে, অস্থিরতায় ভেঙে পড়ার আগে—আসুন আমরা রোজার দিকে ফিরে যাই।
চোখের অশ্রু দিয়ে দোয়া করি, ক্ষুধার মাঝে তাকওয়া খুঁজি। অনেক সময় আমরা বাইরের সমাধান খুঁজি, অথচ ভেতরের দরজাটি খুলি না। রোজা সেই ভেতরের দরজা খুলে দেয়। তবে মনে রাখতে হবে—যদি কারও মানসিক কষ্ট গুরুতর হয় বা দীর্ঘস্থায়ী হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়াও দায়িত্বের অংশ। আত্মিক সাধনা ও প্রয়োজনীয় চিকিৎসা—দুটিই আল্লাহর নির্দেশ ও রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নত।
নিয়মিত ও আধ্যাত্মিকভাবে অনুশীলিত রোজা—একদিকে যেমন আল্লাহতায়ালা আদেশ ও রাসুলুল্লাহর সুন্নত, অন্যদিকে স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণ, মুড উন্নয়ন, আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি এবং মানসিক প্রশান্তি অর্জনে সহায়কও।
বি.দ্র. রমজানের রোজা ইসলামের ফরজ বিধান। আল্লাহতায়ালার হুকুম ও রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নত হিসেবে রোজা রাখতে হবে। জাগতিক কোনো উদ্দেশ্য বা উপকারিতার নিয়তে রোজা রাখলে তা সহিহ হবে না। তবে আল্লাহতায়ালার হুকুম ও রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নত হিসেবে রোজা রাখলে অতিরিক্ত হিসেবে বিভিন্ন উপকারিতা অর্জন হবে, ইনশা আল্লাহ।
লেখক: আলেম, গবেষক ও সাংবাদিক