বর্ষা এলেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। কয়েক বছর ধরেই এমনটি হয়েছে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। গত জুনের তুলনায় চলতি জুলাই মাসে ডেঙ্গু রোগী অনেক বেড়ে গেছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও প্রতিরোধে দৃশ্যমান কার্যক্রম কম।
এভাবে চলতে থাকলে সামনে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, তারা মশক নিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে গত বছরের জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে পুলিশের উপস্থিতি কমে যাওয়ায় ভ্রাম্যমাণ আদালত সেভাবে পরিচালনা করা যাচ্ছে না। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আনসার সদস্যদের নেওয়া হচ্ছে। এ ছাড়া কিছু অভিজাত এলাকায় অভিযানই চালাতে পারছে না সিটি করপোরেশন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের এই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ২১০ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৫৮ জনের। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯ এবং জুলাইয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। যেখানে জুনে মারা গেছেন ১৯ জন, সেখানে জুলাইয়ের ১৪ দিনে মারা গেছেন ১৬ জন। জুন মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৯৫১ জন। আর জুলাইয়ের ১৪ তারিখ পর্যন্ত ভর্তি হয়েছেন ৪ হাজার ১৬৪ জন।
গত ৩০ জুন পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় ৮৩১ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় ১ হাজার ৪০৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। ১৪ জুলাই পর্যন্ত এই ঢাকা উত্তর সিটি করপোরশেন এলাকার হাসপাতালগুলোয় ১ হাজার ২১৪ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় ২ হাজার ৫২ জন ভর্তি হয়েছেন। তবে সংশ্লিষ্টরা বলছেন, সব রোগী সিটি করপোরেশন এলাকার নয়। ঢাকার বাইরের রোগী ঢাকার হাসপাতালে এসে ভর্তি হচ্ছেন। সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্ত রোগী কম। গত ১২ জুলাই দুই সিটি করপোরেশনের দেওয়া তথ্য অনুযায়ী, ওই দিন দক্ষিণ সিটির ১২ জন বাসিন্দা এবং উত্তর সিটিতে ৮ জন হাসপাতালে ভর্তি হন। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঢাকা দক্ষিণের হাসপাতালগুলোয় ৬৩ জন এবং উত্তরের হাসপাতালগুলোয় ২০ জন ভর্তি হন।
রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির পানিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। সড়কের বিভিন্ন স্থানে, পরিত্যক্ত বিভিন্ন পাত্রে, পলিথিনে পানি জমে থাকছে; যা মশার বংশবিস্তারের সহায়ক পরিবেশ।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রতিবছরই বর্ষা শুরুর আগে মশা নিধনে বিশেষ কর্মসূচির ঘোষণা আসে। এবারও এসেছে। তবে বাস্তব চিত্র ভিন্ন। মুগদা, রামপুরা, মোহাম্মদপুর, ধানমন্ডি, কামরাঙ্গীরচর, শেওড়াপাড়া ও উত্তরা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অধিকাংশ এলাকায় গত সপ্তাহে মশার ওষুধ ছিটানো হয়নি। কোথাও কোথাও ছিটানো হলেও তা তেমন একটা কাজে আসছে না।
রাজধানীর মিরপুর-১২ নম্বরের বাসিন্দা সালমা আক্তার বলেন, সন্ধ্যার পর জানালা খুলে রাখা যায় না। ঘরে বসেই মশার কামড় খেতে হয়। আগে মাঝে মাঝে ওষুধ স্প্রে করতে দেখা যেত, এখন সেটাও বন্ধ। গেন্ডারিয়ার বাসিন্দা মুস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা নিজেরাই এখন মশা মারার ওষুধ কিনে ছিটাই। অথচ করের টাকা তো সিটি করপোরেশন নেয়। আমাদের সেবা দেয় কে?’
দক্ষিণ সিটির রামপুরা, গোপীবাগ ও কাকরাইল আর উত্তরের দক্ষিণখান, মিরপুর ও পল্লবীতে গিয়ে দেখা গেছে, ড্রেন ও সড়কে জমে থাকা বৃষ্টির পানিতে সমস্যার সৃষ্টি হচ্ছে। কোথাও ড্রেন পরিষ্কার না করায় পানি আটকে পানি আর ময়লার স্তূপ এক হয়ে আছে।
উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী খবরের কাগজকে বলেন, ‘এই সময়টা এডিস মশার প্রজনন মৌসুম। তবে সেই তুলনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কম। আমরা চেষ্টা করছি ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখার। সমস্যা হচ্ছে- বিভিন্ন জায়গায় ময়লা জমছে এবং ড্রেন পরিষ্কার করা হয় না। ড্রেনের পানি প্রবাহমান না থাকলে মশা নিধন করা কঠিন হয়ে পড়ে, কারণ বদ্ধ পানিতে মশা ডিম পাড়ে এবং বংশবৃদ্ধি করে, যা মশার উপদ্রব বাড়িয়ে দেয়।
ড্রেনের পানি প্রবাহমান না থাকলে মশা নিধন করা সম্ভব হয় না। আর মশকনিধন কর্মীরা মাঠপর্যায়ে কাজ না করলে আমাদের মনিটরিংয়ে ধরা পড়লে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।’
ডেঙ্গু প্রতিরোধে নির্মাণাধীন ভবন, ভবনের ছাদ, ড্রেন বা পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানিতে লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হয়। কিন্তু গত বছরের জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে মোবাইল কোর্ট পরিচালনায় আগের মতো পুলিশ পাচ্ছে না সিটি করপোরেশন।
উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী খবরের কাগজকে বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর পুলিশের উপস্থিতি কম রয়েছে। এই কারণে আমাদের মোবাইল কোর্ট তুলনামূলক কম পরিচালনা করা হচ্ছে- এটা সত্য। তার পরও আমরা ওয়ার্ডে ওয়ার্ডে মোবাইল কোর্ট পরিচালনা করছি। এ ক্ষেত্রে কোনো বাসাবাড়িতে আমরা মশার লার্ভা পেলে প্রথমে নোটিশ দিয়ে সতর্ক করি। পরে একই স্থানে লার্ভা দেখলে আমরা সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করি এবং জরিমানা করি। তবে উত্তরা ও গুলশান-বনানীর বাড়িগুলোর ছাদে উঠতে দেওয়া হয় না। ফলে সেখানে মশা নিধনও করা যায় না। এটাও একটা সমস্যা।
ঢাকা দক্ষিণে মোবাইল কোর্ট পরিচালনা তুলনামূলক কম হচ্ছে। এর কারণ জানতে চাইলে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত পারভীন খবরের কাগজকে বলেন, ‘এটা আঞ্চলিক কর্মকর্তারা পরিচালনা করেন। এটা ঠিক গত তিন দিন কোনো মোবাইল কোর্ট পরিচালনা হয়নি। তবে একদমই যে বন্ধ রয়েছে তা নয়। আমাদের করপোরেশন থেকে আনসার সদস্যদের সঙ্গে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।’
পুলিশের কাজ আনসার দিয়ে কতটা সম্ভব? এ বিষয়ে তিনি বলেন, এখন যা রয়েছে তা দিয়ে তো কাজ চালিয়ে নিতে হবে।
তিনি বলেন, ‘আমরা দুভাবে মশক নিধন কার্যক্রম চালাচ্ছি। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে এবং সচেতনতা সৃষ্টিমূলক কার্যক্রম চালিয়ে। প্রতি শনিবার ওয়ার্ড পর্যায়ে আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসচেতনতা সৃষ্টিমূলক প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এই কার্যক্রমে স্থানীয় ৩০০ থেকে ৪০০ লোক অংশ নেন। পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকলে যতই মশার ওষুধ ছিটানো হোক না কেন, তা কাজে আসবে না।’