ব্ল্যাক ফ্রাইডে ও আসন্ন ছুটির মৌসুমকে সামনে রেখে ওপেনএআই তাদের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে কেনাকাটার জন্য বিশেষায়িত সুবিধা যুক্ত করেছে। ব্যবহারকারীদের খরচ করার অভিজ্ঞতা আরও মসৃণ করতে ‘শপিং রিসার্চ’ নামে একটি নতুন ফিচার চালু করা হয়েছে। এর মূল লক্ষ্য বিভিন্ন পণ্যের তুলনা করা এবং কেনাকাটার প্রক্রিয়াটি সহজতর করা।
ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটির সব গ্রাহক এই সুবিধা উপভোগ করতে পারবেন। ছুটির মৌসুমে এটি ব্যবহারের কোনো সীমাবদ্ধতা থাকবে না। ওপেনএআই অ্যাকাউন্টে লগ-ইন করার পর ‘প্লাস’ মেনু থেকে ‘শপিং রিসার্চ’ অপশনটি নির্বাচন করে এই ফিচারটি চালু করা যাবে। এ ছাড়া, ব্যবহারকারী যদি কেনাকাটা-সংক্রান্ত কোনো প্রশ্ন করেন, তবে চ্যাটজিপিটি স্বয়ংক্রিয়ভাবে এই নতুন মডেলে রূপান্তর হবে। যেমন- ‘ছোট অ্যাপার্টমেন্টের জন্য শব্দহীন কর্ডলেস ভ্যাকুয়াম ক্লিনার’ খুঁজলে এটি স্মার্টভাবে উত্তর দেবে।
নতুন এই ফিচারে শুধু পণ্যের তুলনাই নয়, বরং বিভিন্ন ছাড়ও খুঁজে বের করা এবং উপহার কেনার পরামর্শও পাওয়া যাবে। উদাহরণস্বরূপ, আপনি কোনো পোশাকের ছবি তুলে চ্যাটজিপিটিকে ২৫০ ডলারের নিচে একই রকম দেখতে অন্য পোশাক খুঁজে দিতে বলতে পারেন। ব্যবহারকারীর চাহিদা আরও স্পষ্টভাবে বুঝতে চ্যাটবটটি পাল্টা প্রশ্নও জিজ্ঞাসা করবে। চ্যাটজিপিটি প্লাস ব্যবহারকারীদের জন্য এটি আরও সুবিধা দেবে। তাদের পূর্বের কথোপকথনের ওপর ভিত্তি করে এটি কেনাকাটার ‘পারসোনালাইজড’ গাইড বা কার্ড তৈরি করে দেবে।
ওপেনএআইয়ের মতে, এই ফিচারটি ‘জিপিটি-৫ মিনি’ মডেলের একটি বিশেষ ভ্যারিয়েন্ট দ্বারা পরিচালিত। এটি নির্ভরযোগ্য ওয়েবসাইটগুলো পর্যালোচনা করে এবং বিভিন্ন উৎস থেকে তথ্য যাচাই করে উচ্চমানের ফলাফল দিতে সক্ষম। সাধারণ মডেলগুলোর তুলনায় এটি পণ্যের বিবরণ বা স্পেসিফিকেশন আরও নির্ভুলভাবে তুলে ধরতে বেশি দক্ষ। বিশেষ করে ইলেকট্রনিকস, বিউটি বা প্রসাধনী এবং হোম অ্যাপ্লায়েন্সের মতো ক্যাটাগরিতে এটি ভালো কাজ করে।
তবে ওপেনএআই সতর্ক করে বলেছে, দাম বা পণ্যের প্রাপ্যতার তথ্যে মাঝে মধ্যে ভুল হতে পারে। তাই ব্যবহারকারীদের চূড়ান্ত ক্রয়ের আগে মার্চেন্ট সাইট থেকে তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গুগলের মতো প্রতিদ্বন্দ্বীরা যখন এআই শপিং ফিচারে জোর দিচ্ছে, তখন ওপেনএআইয়ের এই পদক্ষেপ প্রযুক্তিবিশ্বে নতুন প্রতিযোগিতার জন্ম দিয়েছে।