দাহ করার জন্য মন্দিরে আনা কফিনের ভেতর থেকে টোকা শুনে হতবাক হয়ে যান থাইল্যান্ডের মন্দিরকর্মীরা। ৬৫ বছর বয়সী যাকে মৃত ভেবে কফিনে রাখা হয়েছিল, তিনি আসলে জীবিত ছিলেন।
গত রবিবার ননথাবুরি প্রদেশের ওয়াট রাট প্রাখং থাম মন্দিরে ঘটনাটি ঘটে।
মন্দিরের প্রশাসনিক কর্মকর্তা পাইরাত সুদথুপ জানান, নারীর ভাইয়ের সঙ্গে দাহের বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। ঠিক সেই সময় কফিনের ভেতর থেকে ক্ষীণ শব্দ আসে।
পাইরাত বলেন, 'হঠাৎ শব্দ শুনে কফিন খুলতে বলি। খুলতেই দেখি তিনি সামান্য চোখ খুলে কফিনের ধারে টোকা দিচ্ছেন। সবাই বিস্মিত হয়ে যায়।'
মন্দিরের প্রকাশিত ভিডিওতে দেখা যায়— পিকআপ ভ্যানের পেছনে রাখা সাদা কফিনে শোয়ানো নারীটি হাত-পা নড়াচ্ছেন।
জানা যায়, ওই নারী দুই বছর ধরে শয্যাশায়ী ছিলেন। দুই দিন আগে তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেছে মনে করে ভাই তাকে কফিনে রেখে ফিজানুলোক প্রদেশ থেকে ৩০০ মাইল দূরে ব্যাংককে নিয়ে আসেন। তিনি মৃত্যুর পর অঙ্গদান করতে চেয়েছিলেন, তবে মৃত্যু সনদ না থাকায় হাসপাতাল তাকে গ্রহণ করেনি।
একই কারণে মন্দিরেও প্রথমে দাহের অনুমতি মেলেনি। ঠিক তখনই টোকা শোনার ঘটনা ঘটে। পরে নিশ্চিত হয়ে দেখা যায়— নারীটি জীবিত। দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।
ওই নারীর চিকিৎসার ব্যয় তারা বহন করবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। সূত্র: ফক্স নিউজ
মেহেদী/