রাশিয়ান শিল্পী পিটার কার্ল ফাবারজের তৈরি দুষ্প্রাপ্য শিল্পকর্ম ‘উইন্টার এগ’ নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে লন্ডনের ক্রিস্টিসে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত নিলামে ডিমটি উঠেছিল ২২ দশমিক ৯ মিলিয়ন পাউন্ডে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭০ দশমিক ৯ কোটি টাকা। ক্রিস্টিস কর্তৃপক্ষ জানায়, ফাবারজের অন্য কোনো শিল্পকর্ম আর কখনো এতো উচ্চমূল্যে বিক্রি হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছে নিলামঘর- ক্রিস্টিস। তারা জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা এই ‘উইন্টার এগ’ সংগ্রহে নিয়েছেন। এর মাধ্যমে ভেঙে গেছে ২০০৭ সালের মূল্য রেকর্ড। ক্রিস্টিসের বিশেষজ্ঞ মার্গো ওগানেসিয়ান বলেন, “এই ফলাফল আবারও প্রমাণ করে যে ফাবারজের শিল্পকর্মের গুরুত্ব কতটা চিরন্তন।”
১৯১৩ সালে রাশিয়ান জার নিকোলাস দ্বিতীয়ের আদেশে তৈরি করা হয় অনন্য এই ডিমটি। মা মারিয়া ফিওদোরোভনার জন্য উপহার হিসেবেই বানানো হয়েছিল এটি। একসময় রুশ রাজপরিবারের সংগ্রহে থাকা এই ডিমটি পরবর্তীতে বিভিন্ন মালিকানায় ঘুরে বেড়ায়।
রক ক্রিস্টাল থেকে খোদাই করা ডিমটির উচ্চতা মাত্র ৮.২ সেন্টিমিটার। এতে বসানো রয়েছে প্রায় ৪ হাজার ৫০০ হীরকখণ্ড, যার মধ্যে রোজ-কাট পাথরও রয়েছে। পুরো কাঠামোর ওপর প্লাটিনামের তৈরি তুষারফুলের নকশা। ডিমটি খুললে ভেতরে দেখা যায় সাদা কোয়ার্টজ দিয়ে বানানো একটি ছোট ফুলের ঝুড়ি—যা এর সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়।
ডিমটির নকশা করেছিলেন আলমা থেরেসিয়া পিহল। তিনি ফাবারজের সেন্ট পিটার্সবার্গ ওয়ার্কশপের দুইজন নারী ওয়ার্কমাস্টারের একজন ছিলেন।
১৮৮৫ থেকে ১৯১৭ সাল পর্যন্ত রোমানভ পরিবারকে মোট ৫০টি ইম্পেরিয়াল ডিম তৈরি করে দিয়েছিল ফাবারজে। তাদের মধ্যে ‘ইম্পেরিয়াল উইন্টার এগ’ অন্যতম। এসব ডিমের মধ্যে মাত্র সাতটি এখনো ব্যক্তিগত মালিকানায় আছে। বাকিগুলো ছড়িয়ে আছে বিশ্বের বিভিন্ন জাদুঘর ও প্রতিষ্ঠানে—আর কয়েকটি আজও নিখোঁজ।
আরও পড়ুন> এ বছরে কোটিপতি হবে যে ৪ রাশি: বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী
মেহেদী/