সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাসে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে অভিযানের দুবাই পুলিশ এক ভিক্ষুককে গ্রেপ্তার করেছে। এই ভিক্ষুকের তিনটি বিলাসবহুল গাড়ি রয়েছে এবং তিনি মানুষের কাছে চেয়ে প্রচুর অর্থ উপার্জনের কথা স্বীকার করেছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আল খালিজ টাইমসকে এক কর্মকর্তা জানান, পবিত্র রমজান মাসে আমিরাতে ভিক্ষাবৃত্তিবিরোধী কঠোর অভিযান চলছে। গ্রেপ্তার ব্যক্তি জনসাধারণের সহানুভূতির অপব্যবহার করে প্রকাশ্য দিবালোকে ভিক্ষা করতেন। ভিক্ষাবৃত্তি শেষে তার নিজের বিলাসবহুল গাড়িতে করে চলে যেতেন।
ব্রিগেডিয়ার আল শামসি বলেন, আটককৃত ভিক্ষুকদের ৯০ শতাংশ ভিজিট ভিসায় দেশে প্রবেশ করেছে, বিশেষ করে নাগরিক ও বাসিন্দাদের উদারতা কাজে লাগানোর জন্য রমজানকে বেছে নিয়েছেন।
ভিক্ষুকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়েছে।
অফিসার আরও উল্লেখ করেন, এক ব্যক্তি ভিক্ষা করে ২৫ হাজার দিরহাম সংগ্রহ করার পরও ভিক্ষাবৃত্তি চালিয়ে যাচ্ছিলেন, যদিও এই পরিমাণ অর্থ তার ভরণপোষণ বা বাড়ি ফিরে যাওয়ার জন্য যথেষ্ট ছিল।
২০১৮ সালের ফেডারেল আইন অনুসারে, সংযুক্ত আরব আমিরাতে ব্যক্তিগত ভিক্ষাবৃত্তির জন্য তিন মাসের কারাদণ্ড এবং ৫ হাজার দিরহাম জরিমানার বিধান রয়েছে। আর যারা সংগঠিত ভিক্ষাবৃত্তির চক্র পরিচালনা করে বা এই উদ্দেশ্যে বিদেশ থেকে ব্যক্তিদের নিয়োগ করে তাদের ছয় মাসের কারাদণ্ড এবং এক লাখ দিরহাম পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
পুলিশ জানায়, শুধুমাত্র রমজানের প্রথম সপ্তাহেই দুবাই পুলিশ ভিক্ষাবৃত্তির দায়ে ২৬ জন ভিক্ষুককে গ্রেপ্তার করেছে।
রমজানের আগে, দুবাই পুলিশ পবিত্র মাসে অনলাইন ভিক্ষাবৃত্তির প্রতারণার শিকার না হওয়ার বিরুদ্ধে বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করেছে। জনসাধারণকে ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচারিত সন্দেহজনক দানের আবেদনে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছে।
জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশনের সাইবার ক্রাইম-বিরোধী বিভাগ জানায়, প্রতারক এবং সংগঠিত ভিক্ষুকরা অবৈধ আর্থিক লাভের জন্য রমজানে করুণা এবং উদারতার চেতনাকে কাজে লাগায়। -খালিজ টাইমস
অমিয়/