যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ওপেন হার্ট সার্জারির পর স্ত্রীর অতিরিক্ত যত্ন নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। অভিযোগ, স্বামীর বারবার খোঁজখবর নেওয়ায় বিরক্ত হয়ে তাকে গুলি করে হত্যা করেন স্ত্রী।
ঘটনাটি ঘটেছে আলাবামার রাসেলভিল এলাকার ডানকান ক্রিক রোডের একটি বাড়িতে।
নিহতের নাম টিমোথি ক্লাটস (৬৯)। অভিযুক্ত তার স্ত্রী শেরি মিচেল-ক্লাটসের (৬৫) বিরুদ্ধে হত্যা মামলা করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দুই সপ্তাহ আগে শেরির ওপেন হার্ট সার্জারি হয়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর চিকিৎসকরা তাকে বাড়িতে বিশ্রামের পরামর্শ দেন। সে সময় স্ত্রীকে নিয়মিত দেখভাল করতেন টিমোথি। তিনি প্রায়ই ঘরে গিয়ে স্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতেন, খাবার লাগবে কি না জানতে চাইতেন এবং প্রয়োজনীয় সহায়তা করতেন।
তদন্তকারীদের কাছে শেরি দাবি করেন, স্বামীর এই ঘন ঘন খোঁজখবর নেওয়া তাকে মানসিকভাবে বিরক্ত করে তুলেছিল। একপর্যায়ে তিনি একটি আগ্নেয়াস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে বসে থাকেন, যদি স্বামী আবার ঘরে আসেন তাহলে গুলি করবেন। তবে টিমোথি আর ঘরে না আসায় শেরি নিজেই বাইরে গিয়ে তাকে গুলি করেন। তখন টিমোথি বসার ঘরে রিক্লাইনার চেয়ারে বসে ছিলেন। গুলিটি তার বুকে লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর শেরি নিজেই ৯১১-এ ফোন করে পুলিশকে জানান। প্রথমে তিনি দাবি করেছিলেন, স্বামীর আচরণে তিনি হুমকি অনুভব করেছিলেন। পরে জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন এবং জানান, মূলত বিরক্তি থেকেই তিনি এই কাজ করেছেন।
ফ্র্যাঙ্কলিন কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, দম্পতির ১৫ বছরের সংসার। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি জব্দ করেছে। বর্তমানে শেরিকে গ্রেপ্তার করে বিনা জামিনে ফ্র্যাঙ্কলিন কাউন্টি কারাগারে রাখা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে। সূত্র: নিউইয়র্ক পোস্ট
অমিয়/