ফিলিস্তিনের চলমান সংকট এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত পরিকল্পনার প্রেক্ষিতে আগামী ২৭ ফেব্রুয়ারি একটি জরুরি আরব সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে মিশর।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে কায়রো থেকে প্রকাশিত এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সাম্প্রতিক প্রস্তাবের বিরুদ্ধে আরব বিশ্বের ঐক্যবদ্ধ অবস্থান তৈরির লক্ষ্যেই মিশর এই সম্মেলনের আয়োজন করছে। ট্রাম্পের পরিকল্পনায় গাজার ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের প্রশাসনিক নিয়ন্ত্রণে গাজাকে পুনর্গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই পরিকল্পনা আরব বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং বেশিরভাগ দেশই এটি প্রত্যাখ্যান করেছে।
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিলিস্তিনি সংকটের বর্তমান গুরুতর পরিস্থিতি মোকাবিলার জন্য দীর্ঘ পরামর্শের পর আরব দেশগুলোর শীর্ষ পর্যায়ের এই জরুরি সম্মেলনের আহ্বান করা হয়েছে। ফিলিস্তিনও এই সম্মেলনের আয়োজনের জন্য অনুরোধ জানিয়েছে।’
এ ছাড়া সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে মিশর আরব লিগের বর্তমান সভাপতি বাহরাইনের সঙ্গে সমন্বয় করছে।
ফিলিস্তিনি জনগণের জোরপূর্বক স্থানান্তরের বিরুদ্ধে একটি অভিন্ন ও শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি ইতোমধ্যে জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি আঞ্চলিক শক্তির সঙ্গে আলোচনা করেছেন।
বিশ্লেষকদের মতে, এই সম্মেলনের মাধ্যমে আরব দেশগুলো ফিলিস্তিন ইস্যুতে তাদের ঐক্যবদ্ধ অবস্থান পুনর্ব্যক্ত করবে এবং ট্রাম্প প্রশাসনের বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে জোরালো বার্তা দেবে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজাকে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক নিয়ন্ত্রণে রেখে এটিকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ হিসেবে পুনর্গঠনের প্রস্তাব দিয়েছিলেন। তার পরিকল্পনায় ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে পুনর্বাসনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল, যা বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
আরব দেশগুলো একযোগে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের ওপর জোর দিয়েছে, যা ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিতে গড়ে উঠবে।
আগামী ২৭ ফেব্রুয়ারির সম্মেলন ফিলিস্তিন ইস্যুতে নতুন কোনো কৌশল নির্ধারণ করবে কি না, তা নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। সূত্র: এএফপি
বাসস/তাওফিক/